বিদ্যুৎকেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে জলবায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিতে যাচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে বলা হয়েছে।

ব্লুমবার্গ নিউজ ও নিউ ইয়র্ক টাইমস রবিবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে, পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রশাসক লি জেলডিন হিউস্টনে জি২০ জ্বালানি মন্ত্রীদের বৈঠকে এই পরিবর্তনের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

টাইমস জানিয়েছে, নতুন বিধিতে বিদ্যুৎকেন্দ্রগুলোর পারদ, আর্সেনিক ও অন্যান্য দূষণকারী পদার্থের নিঃসরণে কিছু নিয়ন্ত্রণ বহাল থাকবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে কয়লা সবচেয়ে বেশি দূষণকারী জ্বালানি। এটি জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।

ট্রাম্প প্রায়ই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে ‘ধাপ্পাবাজি’ বলে অভিহিত করেন। গত বছর ক্ষমতায় ফেরার পর থেকে তিনি বেশ কিছু পরিবেশগত বিধিনিষেধ বাতিলের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে অনেক বিধিনিষেধই জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করে।

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ২০২৪ সালে এসব বিধিনিষেধ চালু করেছিল। এর আওতায় কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোকে প্রায় সব ধরনের কার্বন নিঃসরণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।