গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০

গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা রয়েছেন অনেকেই।  

বুধবার (১৬ সেপ্টেম্বর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।  

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “প্রতিটি তলায় চারটি করে অ্যাপার্টমেন্ট থাকা ভবনটি রাতের দিকে পাশের বাড়ি ও তাঁবুর ওপর ধসে পড়ে। ইসরায়েলি হামলায় ভবনটি আগে থেকেই কাঠামোগতভাবে ক্ষতিগ্রস্ত ছিল।”

প্রসঙ্গত, ২০২৪ ও ২০২৫ সালে ভবনটিতে একাধিকবার ইসরায়েলি হামলা হয়েছিল। হামলার পর গাজার বাসিন্দাদের সেখানে না ফেরার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু আবাসনের সংকট এবং পর্যাপ্ত তাঁবু না থাকায় অনেক মানুষ ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলি হামলায় গাজার অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা পুরোপুরি ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া ভবন পুনর্নির্মাণে প্রয়োজনীয় নির্মাণসামগ্রীর ঘাটতিও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার হিসাবে, গাজা উপত্যকায় প্রায় ২,০০০ ভবন বর্তমানে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।