সৌদি আরবের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের জরুরি ঘোষণা

সৌদি আরবের নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনে যেকোনো সীমা পর্যন্ত যেতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, রিয়াদের প্রতিরক্ষা নিশ্চিতে ইসলামাবাদ কোনো শর্ত ছাড়াই অঙ্গীকারবদ্ধ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কূটনৈতিক এবং সামরিক, উভয় দিক থেকেই পাকিস্তান সর্বদা সৌদি আরবের পাশে রয়েছে।”

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রিয়াদের প্রতি এই দৃঢ় সমর্থন ব্যক্ত করল পাকিস্তান। পাকিস্তানি সেনাবাহিনীর প্রভাবশালী এই ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পাকিস্তানি সেনা সদস্যরা সৌদি আরবে অবস্থান করছেন। হারামাইন শারিফাইনের ওপর যেকোনো ধরনের আঘাত বা হুমকি এলে পাকিস্তান তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেবে। তবে সামরিক সক্ষমতা বজায় রাখার পাশাপাশি বর্তমানে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, সৌদি আরবে সাম্প্রতিক হুথি হামলার প্রভাবে তায়েফ শহরে এক ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন সৌদি নাগরিক আহত হয়েছেন, যা বর্তমান হামলা শুরুর পর প্রথম প্রাণহানির ঘটনা। এর আগে মক্কা নগরী লক্ষ্য করে ছোড়া একটি হুথি ড্রোন মাঝআকাশেই ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।