Friday, September 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে পুলিশের মসজিদে বোমা হামলা, নিহত ১৫

বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরীণ মসজিদে প্রাণঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পবিত্র জুমার নামাজে অংশ নিতে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মুসল্লিরা সমবেত হওয়ার সময় মসজিদের প্রবেশপথে এ হামলা চালানো হয়।

স্থানীয় প্রশাসন ও চিকিৎসা সূত্রে জানা গেছে, আফগান সীমান্তবর্তী কোহাটে অবস্থিত পুলিশ সদর দপ্তরের মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। 

ডিপিএকে চিকিৎসা কর্মকর্তা তাহির শাহ জানান, হামলায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয় এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তাত্ক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে ইসলামিক স্টেট (আইএসআইএল) এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয়ভাবে নিয়মিত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

হামলার প্রেক্ষাপটে ইসলামাবাদ অভিযোগ করেছে, সীমান্ত অতিক্রম করে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো এসব সহিংসতা চালাচ্ছে। যদিও কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে। সীমান্ত কেন্দ্রিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটিতে আন্তসীমান্ত সহিংসতা ও হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

   

About

Popular Links

x