গুন্ডা দিয়ে স্বামীর বান্ধবীকে ধর্ষণ করালেন স্ত্রী

ভারতের তামিলনাড়ুতে স্বামীর সঙ্গে প্রাইভেট লজে ঘুরতে যাওয়ায় তার বান্ধবীকে ভাড়াটে গুন্ডা দিয়ে অপহরণ করিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। একই ঘটনায় ভাড়াটে গুন্ডাদের দিয়ে ওই নারীর স্বামীকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। পরে তাকে তামিলনাড়ুর একটি হাসপাতালের সামনে ফেলে যায় অপহরণকারীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনায় অপহরণকারীদের এবং ঘটনার মূল পরিকল্পনাকারী ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।

আলোচিত এ ঘটনা গত মাসে ঘটে। তামিলনাড়ুর ওই নারী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে পার্শ্ববর্তী কেরালা প্রদেশে ঘুরতে যান। পরে কেএসআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি প্রাইভেট লজের কক্ষে ওঠেন তারা। সেখানে ওঠার কিছুক্ষণ পর পুলিশের ছদ্মবেশে পাঁচ ব্যক্তি জোরপূর্বক কক্ষে ঢোকেন। পরে তারা ওই পুরুষ ও নারী দুজনেরই হাত-পা ও মুখ পরনের কাপড় দিয়ে বেঁধে গাড়িতে করে তামিলনাড়ু নিয়ে যান।

পুরো যাত্রাপথে ওই পুরুষকে নির্মমভাবে মারধর করা হয় বলে জানা গেছে। এতে তার হাত ও পা ভেঙে যায়। পরে তাকে তামিলনাড়ুর তিরুপ্পুরে একটি হাসপাতালের কাছে ফেলে যায় অপহরণকারীরা।

এরপর অপহরণকারীদের মধ্যে দুজন ওই নারীকে নিয়ে অন্য একটি গাড়িতে ওঠেন। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগীর বয়ানের ভিত্তিতে তামিলনাড়ু পুলিশ একটি মামলা নথিভুক্ত করে। পরে মামলার নথিপত্র কেরালার ত্রিশূর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, ওই নারীর সঙ্গে কেরালায় যাওয়া পুরুষটির স্ত্রীই এ ঘটনা ঘটানোর জন্য অভিযুক্ত পাঁচ ব্যক্তির সঙ্গে চুক্তি করেছিলেন। তিনি তার স্বামীর ফোনের লোকেশন ট্র্যাক করে তার অবস্থানের তথ্য ওই ব্যক্তিদের দেন বলে তদন্তে উঠে আসে।