Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভিডিও করায় তরুণকে চড় মারলেন মন্ত্রী, জবাব পেলেন তাৎক্ষণিক

ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

দিল্লির পশ্চিমাঞ্চলের তিলক নগরে সড়ক পরিদর্শনে গিয়ে ভিডিও ধারণ করা এক তরুণকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) মন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সড়ক পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, তরুণটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ভার্মা তার মোবাইলটি নিচে নামিয়ে দেন এবং পরে তরুণটির মুখে চড় মারেন বলে ভিডিওতে দেখা যায়। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে এক নিরাপত্তাকর্মী তাদের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ঘটনার বিষয়ে পারভেশ ভার্মা দাবি করেছেন, ওই তরুণ তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেছিলেন এবং সে কারণেই তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, "যা ঘটেছে, তা হওয়া উচিত ছিল না।"

ঘটনাটি ঘটে আম আদমি পার্টির (এএপি) তিলক নগরের বিধায়ক জারনাইল সিংয়ের সঙ্গে সড়কের মান নিয়ে পারভেশ ভার্মার বাদানুবাদের পর। জারনাইল সিং অভিযোগ করে আসছিলেন, ওই সড়কের নির্মাণকাজ নিম্নমানের। পরিদর্শনের সময় তিনি রাস্তার একটি অংশ হাত দিয়ে তুলে দেখান। এরপর দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

ভিডিওতে জারনাইল সিংকে রাস্তার বড় একটি অংশ হাতে তুলে ধরে বলতে শোনা যায়, "আপনি যে সড়কের কথা বলেছিলেন, সেটি তুলে দেখিয়ে দিলাম। এখন বলুন।" জবাবে পারভেশ ভার্মা বলেন, "ভুল বলবেন না।" পরে তিনি বলেন, "আপনি ১৫ বছরে সড়ক বানাননি, এখন আমরা বানাচ্ছি।" জারনাইল সিং জবাব দেন, "এভাবে বানাবেন না, এটি তো ১৫ ঘণ্টাও টিকবে না।"

এদিকে, জারনাইল সিংয়ের পক্ষ থেকে ওই তরুণকে চড় মারার ঘটনায় আপত্তি জানানো হয়েছে। তিনি দাবি করেছেন, তরুণটি তার দলের সদস্য এবং তিনি মন্ত্রী বা তার পরিবারের কাউকে গালিগালাজ করেননি। অন্যদিকে, ঘটনাটি নিয়ে উভয় পক্ষ থেকেই পুলিশে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

   

About

Popular Links

x