পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা।
রবিবার (৪ অক্টোবর) ইসলামাবাদ থেকে ২৭৫ কিলোমিটার দূরের শহর লাক্কি মারওয়াত থেকে হাজার হাজার সমর্থককে সঙ্গে নিয়ে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন পিটিআই নেতাকর্মীরা। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এমন সময়ে এ লংমার্চ শুরু হলো, যখন ৭৩ বছর বয়সী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসার ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে। এ কারণে তারা তার মুক্তির দাবি জানিয়ে আসছেন।
ইমরান খানের মুক্তির দাবিতে গত সপ্তাহেই লংমার্চ আয়োজনের কথা ছিল। তবে পরে পিটিআই জানিয়েছিল, তারা পাকিস্তানের বর্তমান সরকারকে একটি সুযোগ দিতে চায়।
ইমরানের মুক্তির বিষয়ে সরকারের সঙ্গে পিটিআই নেতাদের আলোচনাও শুরু হয়েছিল। কিন্তু একপর্যায়ে সেই আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। এরপরই লংমার্চের কর্মসূচি শুরু করল দলটি।
জনপ্রিয় ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতির একটি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে ইমরান খান দাবি করে আসছেন, তার বিরুদ্ধে করা সব মামলাই "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত"।