স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর তোলেদো প্রদেশের মোরো ও অর্গাজ এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারপ্রধান এমিলিয়ানো গার্সিয়া-পেজে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “এ পর্যন্ত প্রায় ৬৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, তবে সংখ্যাটি আরও বাড়তে পারে।“ এর আগে প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
স্পেনের প্রধান রেল পরিচালনা সংস্থা আদিফ জানিয়েছে, রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি ট্রেনের সঙ্গে বেসরকারি পরিবহন প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। ইরিওর ট্রেনটি মাদ্রিদ থেকে সেভিয়ার পথে যাচ্ছিল। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় দুই ট্রেনে মোট ৫৪৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ও একজন শিশু ছিল।
দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটের সব ট্রেন কাছের বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে এবং রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত শুরু হলেও দ্রুতগতির দুটি ট্রেন কীভাবে মুখোমুখি সংঘর্ষে জড়াল, তার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।