ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছেই বিধ্বস্ত জেট বিমান, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেনের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে একটি ব্যক্তিগত জেট বিমান। এতে উড়োজাহাজটির নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশকেন্দ্র মার-এ-লাগো।

স্থানীয় সময় রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। লিয়ারজেট ৬০ মডেলের বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে বিমানটিকে দ্রুত নিচে নেমে এসে একটি সড়কের ওপর আছড়ে পড়তে দেখা যায়। সংঘর্ষের পরপরই সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। সড়কের পাশে তৈরি হয় বড় গর্ত, চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের ধ্বংসাবশেষ।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, বিমানটি আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসেছিল। বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় মাটিতে থাকা অন্য কোনো ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ফ্লাইট পর্যবেক্ষণসংক্রান্ত তথ্য ও ককপিটের অডিও রেকর্ডিংয়ে দুর্ঘটনার আগে বিমানে বরফ জমার সমস্যার কথা উঠে এসেছে। পরবর্তী সময়ে বিমানটি দ্রুত উচ্চতা হারাতে থাকে। একপর্যায়ে ক্রুদের আতঙ্কিত কণ্ঠে মাটিতে আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করতে শোনা যায়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।

বিমানটিতে কারা ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।