আফ্রিকার পশ্চিম সাহারা অঞ্চলে ৩৫ বছর ধরে চলমান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই শান্তি মিশনের ম্যান্ডেট নবায়ন না করায় এটি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানান আন্তোনিও গুতেরেস।
রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স গুতেরেসের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মরক্কো-যারা পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে-এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে, আলজেরিয়া-সমর্থিত পোলিসারিও ফ্রন্ট, যারা মরক্কোর অবস্থানের বিরোধী, তারা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে।
১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সেখানে ‘মিনুরসো’ নামে একটি শান্তিরক্ষা মিশন কার্যক্রম চালিয়ে আসছে।
জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, ১ নভেম্বর থেকে এই মিশনের ‘অবসান পর্যায়’ শুরু হবে, যার আওতায় মিশনের সম্পদগুলো সৈন্য সরবরাহকারী দেশগুলোতে ফেরত পাঠানো হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই শান্তিরক্ষা মিশনটির সমাপ্তি এমন এক সময়ে ঘটছে, যখন এর ঠিক এক বছর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের খসড়া করা একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। ওই প্রস্তাবে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে অঞ্চলটিকে স্বায়ত্তশাসন প্রদানের মরক্কো-প্রস্তাবিত পরিকল্পনাটিকে সংঘাত নিরসনের ‘সবচেয়ে কার্যকর’ সমাধান হিসেবে গ্রহণ করা হয়েছিল।
গত বছরের ভোটাভুটিতে রাশিয়া ভোটদান থেকে বিরত ছিল। তবে এ বছর যুক্তরাষ্ট্র সমর্থিত আরেকটি প্রস্তাবের ওপর রাশিয়া ভেটো দিয়েছে; যে প্রস্তাবটিতে মরক্কোর পরিকল্পনাটির প্রতি জাতিসংঘের সমর্থন আরও সুসংহত করার পাশাপাশি শান্তিরক্ষী বাহিনীর সংখ্যা কমিয়ে আনার কথা বলা হয়েছিল।
এরপর নিরাপত্তা পরিষদ রাশিয়ার উত্থাপিত একটি বিকল্প প্রস্তাব নাকচ করে দেয়, যার ফলে নতুন কোনো ম্যান্ডেট (অনুমোদন) ছাড়াই মিশনটির মেয়াদ শেষ হয়ে যায়।
এদিকে, গত শনিবার আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই মেয়াদ নবায়ন না হওয়ার ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। তারা এর জন্য মরক্কোর অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের ‘অত্যধিক পক্ষপাতিত্বকে’ দায়ী করেছে।