সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
বুধবার (৪ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি বিমানবন্দরে আঘাত হেনেছে এবং এতে “ব্যাপক ক্ষয়ক্ষতি” হয়েছে। একই সঙ্গে তিনি বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আগের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছেন। তবে মক্কা ও মদিনার আকাশসীমা এই সতর্কবার্তার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ইরান-সমর্থিত গোষ্ঠীটির এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সৌদি কর্তৃপক্ষ।