সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে খুঁজে বের করতে হবে কোন ভিডিও ভাইরাল হচ্ছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয় নিয়ে আলোচনা চলছে। এমন কাজের জন্যই কর্মী নিচ্ছে ভারতের রাজস্থানের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ। পদটির নাম “ডুমস্ক্রলার” (Doomscroller)। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে ব্যতিক্রমী এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে এমন একজনকে খোঁজা হচ্ছে, যিনি দিনের বড় একটি সময় ইনস্টাগ্রাম রিলস দেখবেন এবং প্ল্যাটফর্মে চলমান ট্রেন্ড ও ভাইরাল ভিডিও সম্পর্কে প্রতিষ্ঠানকে জানাবেন।
প্রতিষ্ঠানটির কর্মীদের প্রকাশ করা একটি ভিডিওতে নিয়োগের বিষয়টি জানানো হয়। ভিডিওতে একজন বলেন, “আপনি যদি সত্যিই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে আমরা আপনাকে এ কাজের জন্য অর্থ দেব।” তার ভাষ্য, তারা এমন একজন ডুমস্ক্রলার চান, যিনি সারাদিন রিলস স্ক্রল করে ইনস্টাগ্রামে কী ভাইরাল হচ্ছে, তা সবাইকে জানাবেন।
আগ্রহীদের ওই ভিডিওতে “হাই” (Hi) লিখে মন্তব্য করতে বলা হয়েছে। উদয়পুরে অবস্থানরত প্রার্থীদের সরাসরি বার্তার (ডিএম) মাধ্যমে আবেদনের লিংক পাঠানো হবে। এ ছাড়া ইনস্টাগ্রামের “গ্যাংস অব স্টার্টআপ” (gangsofstartup) অ্যাকাউন্টের বায়োতে থাকা গুগল ফরমের মাধ্যমেও আবেদন করা যাবে। ফরমে প্রার্থীকে নাম, ফোন নম্বর ও ঠিকানা দিতে হবে। একই সঙ্গে জানাতে হবে, তিনি পূর্ণকালীন চাকরির জন্য নাকি ইন্টার্নশিপের জন্য আবেদন করছেন, কোন পদে আগ্রহী এবং বর্তমান ও প্রত্যাশিত বেতন কত। আবেদন জমার আগে জীবনবৃত্তান্ত (সিভি) আপলোড করতে হবে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করবে প্রতিষ্ঠানটি।
৪ নভেম্বর ইনস্টাগ্রামে নিয়োগসংক্রান্ত ভিডিওটি প্রকাশ করা হয়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনডিটিভির ৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি এরই মধ্যে ৩ লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।
ব্যতিক্রমী এই চাকরির বিজ্ঞপ্তি ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। কেউ একে “স্বপ্নের চাকরি” বলে মন্তব্য করেছেন, আবার কেউ জানিয়েছেন, এমন একটি সুযোগের অপেক্ষায়ই ছিলেন তারা।