জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত ২২

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন এতই বেশি ছিল যে সেখানকার অনেক দোকানপাটের কাঁচের জানালা ভেঙে পড়েছে। একটি বইয়ের দোকানে তাকের সব বইও মেঝেতে ছড়িয়ে পড়ে।

জাপানের আবহাওয়া সংস্থার হিসাবে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এর মাত্রা ৫.৫ বলে জানিয়েছে। এই ভূমিকম্পের পর ওই এলাকায় কয়েক দফা ছোট কম্পনও অনুভূত হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে আইচি প্রশাসনিক অঞ্চলের হামামাতসু শহরসহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। ইয়ামানসি অঞ্চলের বাসিন্দারাও কম্পন অনুভব করেন। এই অঞ্চলেই রয়েছে জাপানের বিখ্যাত মাউন্ট ফুজি।

জাপানের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ভূমিকম্পের পর রাস্তায় দোকানের ভাঙা কাচ পড়ে থাকতে দেখা গেছে। একটি বইয়ের দোকানে তাক থেকে সব বই নিচে পড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।

আহত ব্যক্তিদের মধ্যে অনেকে ভূমিকম্পের সময় দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আঘাত পেয়েছেন।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিজু্ওকা অঞ্চলে। আইচি ও শিজুওকা পাশাপাশি অবস্থিত। তবে উৎপত্তিস্থল থেকে রাজধানী টোকিও অনেক দূরে হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি।

এদিকে ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রভাবিত এলাকাগুলোতে বুলেট ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়েছে। ভূমিকম্পে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে - এমন আশঙ্কা থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।