ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিকে শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতমসহ পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল দল নিয়োজিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার। নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”