নিউজিল্যান্ডের পতাকা নকল করার জন্য অস্ট্রেলিয়াকে দোষারোপ করলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী উইন্সটন পিটার্স। অস্ট্রেলিয়াকে নিজ দেশের পতাকার জন্য আলাদা নকশা খুঁজে বের করার কথাও বলেছেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী।
মার্কিন সংবাদসংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন উইন্সটন পিটার্স।
পতাকা প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে উইন্সটন পিটার্স বলেন, “আমাদের পতাকা, যা দীর্ঘ সময় ধরে আমাদের আছে, অস্ট্রেলিয়া তা নকল করেছে। দীর্ঘকাল ধরে যে নকশাটি আমাদের পতাকার, অস্ট্রেলিয়ার উচিত সে নকশায় বদল এনে যথার্থ সম্মান দেখানো।”
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৭ বছর বয়সী এক নিউজিল্যান্ডের কিশোরকে আটকের ঘটনার পর এমন মন্তব্য করলেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পিটার্স। ওই ঘটনায় নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বিক্ষোভও করেছেন দেশটির অধিবাসীরা।
১৯৫৪ সালে অস্ট্রেলিয়ার পতাকার জন্ম হলেও, নিউজিল্যান্ডের পতাকার সৃষ্টি ১৯০২ সালে। আদতেও যুক্তরাজ্যের পতাকার আদলে তৈরি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পতাকার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। দুই দেশের পতাকাতেই গাঢ় নীল রঙের পটভূমিতে বামদিকে ওপরের অংশে ছোট করে যুক্তরাজ্যের পতাকা বসানো আছে। পার্থক্য শুধু পতাকায় খচিত তারাগুলোতে। নিউজিল্যান্ডের পতাকার চারটি তারা লাল রঙের, আর অস্ট্রেলিয়ার পতাকায় রয়েছে ছয়টি সাদা তারা।
সমালোচকদের মতে, ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন সাবেক অনেক দেশের পতাকা আর নিউজিল্যান্ডের পতাকা গুলিয়ে ফেলা যায়, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।