Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রেলিয়ার ভিসাতে আসছে যেসব পরিবর্তন

শিক্ষার্থী, ট্রেনিং ও রিজিওনাল ভিসা স্পনসরশিপে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে 

 

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে কিছু নীতিগত পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির সরকার তাদের সামগ্রিক অভিবাসনপ্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক করার লক্ষ্যে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে। 

বর্তমানে যারা দেশটিতে সাময়িক ভিসায় আছেন, নতুন ভিসার আবেদন করার কথা ভাবছেন কিংবা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া করছেন; সবারই এই নতুন নিয়মগুলো সম্পর্কে স্পষ্টভাবে সচেতন হওয়া প্রয়োজন।

শিক্ষার্থী ভিসা ও আপিলপ্রক্রিয়া

অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসা শিক্ষার্থীদের জন্য আপিল করার পদ্ধতিতে একটি নতুন নিয়ম যুক্ত হয়েছে। কোনো শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল হওয়ার পর যদি তারা দেশের ‘প্রশাসনিক পুনর্বিবেচনা ট্রাইব্যুনাল’ বা এআরটিতে আপিল করেন, তবে এখন আর সরাসরি উপস্থিত হয়ে শুনানির প্রয়োজনীয়তা থাকছে না। ট্রাইব্যুনালের কর্মকর্তারা জমাকৃত প্রয়োজনীয় কাগজপত্র ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আগে আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কাজের চাপের কারণে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লেগে যেত। কিন্তু এখন ধারণা করা হচ্ছে, এখন বেশি সময় লাগবে না।

প্রশিক্ষণ বা ট্রেনিং ভিসাব্যবস্থায় সতর্কতা

প্রশিক্ষণ বা ‘ট্রেনিং ভিসা’ (৪০৭) - এর ক্ষেত্রে বর্তমানে একটি বাড়তি সচেতনতা লক্ষ করা যাচ্ছে। এই ভিসায় এখন যারা অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং যেসব প্রতিষ্ঠান এই কর্মীদের আমন্ত্রণ জানিয়েছে (স্পনসর করেছে), তাদের কার্যক্রমের ওপর দেশটির অভিবাসন দপ্তর কিছুটা নিবিড় নজরদারি শুরু করেছে। সরকারি কর্মকর্তারা অনেক সময় সরাসরি বিভিন্ন কর্মক্ষেত্রে গিয়ে খতিয়ে দেখছেন যে নির্ধারিত নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ ও কাজ সম্পন্ন হচ্ছে কি না।

আঞ্চলিক বা রিজিওনাল ভিসা স্পনসরশিপে নতুন নিয়ম 

নতুন নিয়ম অনুযায়ী, কর্মী নিয়োগের জন্য ন্যূনতম বার্ষিক বেতনের সীমা বাড়িয়ে প্রায় ৮০,০০০ অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে আঞ্চলিক এলাকার রেস্তোরাঁ বা ছোট ব্যবসার মালিকদের কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন করে হিসাব-নিকাশ করতে হবে; কারণ ওই সব এলাকায় সাধারণ বেতনের হার তুলনামূলকভাবে কিছুটা কম। ফলে ছোট ব্যবসায়ীদের কর্মী স্পনসর করার ক্ষেত্রে এখন থেকে আর্থিক সক্ষমতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করতে হবে। স্কিল অ্যাসেসমেন্ট গাইডলাইন আপডেট - 

ট্রেড রিকগনিশন অস্ট্রেলিয়ার (টিআরএ) দক্ষ পেশাজীবীদের যোগ্যতা যাচাইকরণ বা ‘স্কিল অ্যাসেসমেন্ট’ পদ্ধতির নির্দেশিকাগুলোর ভাষা সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে কিছুটা সহজ করা হয়েছে। তবে মূল নিয়মে কোনো পরিবর্তন আসেনি।

অন্যদিকে আগামী অর্থবছরের জন্য পারিবারিক ও অভিভাবক বা ‘প্যারেন্ট ভিসা’র জন্য নির্দিষ্ট আসনসংখ্যা ঘোষণা করা হয়েছে। যেমন - ‘কন্ট্রিবিউটিং প্যারেন্ট ভিসা’র জন্য আগামী বছর ৬,৮০০ আসন বরাদ্দ রাখা হয়েছে।

সামগ্রিক এই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, অস্ট্রেলিয়া সরকার তাদের অভিবাসনপ্রক্রিয়া আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যোগ্য প্রার্থীদের জন্য উপযোগী করে তুলতে চাইছে।

   

About

Popular Links

x