প্রশান্ত মহাসাগরের নিচে অবস্থিত এক আগ্নেয়গিরিতে বিশাল অগ্ন্যুৎপাতের পর দ্বীপরাষ্ট্র টঙ্গাতে আঘাত হেনেছে সুনামির বিরাট ঢেউ। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, টঙ্গার রাজধানী নুকুয়ালোফার আকাশ থেকে আগ্নেয়গিরির ছাই পড়তে দেখা যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, একটি চার্চ এবং কয়েকটি বাড়ির ভেতর সুনামির ঢেউয়ের পানির স্রোত প্রবেশ করছে। সরকার দেশটিতে সুনামির সতর্কতা জারি করার পর স্থানীয় লোকজন উঁচু সস্থানে সরে যাবার জন্য ছোটাছুটি করছে।
টঙ্গা-হাঙ্গা হাপাই আগ্নেয়গিরিতে এই অগ্ন্যুৎপাত ঘটেছে। এটি পুরো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। টঙ্গার থেকে আগ্নেয়গিরিটি মাত্র ৬৫ কিলোমিটার দূরে।
অগ্ন্যুৎপাতের বিষয়ে টঙ্গার এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, তারা যখন রান্না করছিলেন তখন অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় তার ছোট ভাই ভেবেছিলেন আশেপাশে কোথাও বুঝি বোমা ফাটছে।
টঙ্গার এই বাসিন্দাকে উদ্ধৃত করে নিউজিল্যান্ডের একটি পত্রিকা জানিয়েছে, “আমি প্রথমেই যে কাজটা করার কথা ভাবি, সেটা হচ্ছে টেবিলের নিচে আশ্রয় নেওয়া। আমি আমার বাবা মা এবং অন্য সবাইকে চিৎকার করে ডাকছিলাম তারাও যেন একই কাজ করে।”
তিনি বলেন, “চারিদিক থেকে শুধু চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। লোকজন চিৎকার করে সবাইকে উঁচু জায়গায়, নিরাপদ জায়গায় যেতে বলছিল।”
অগ্ন্যুৎপাতের ঘটনায় উৎক্ষিপ্ত গ্যাস, ধোঁয়া এবং ছাই আকাশের ২০ কিলোমিটার উপর পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন টঙ্গার জিওলজিক্যাল সার্ভিস। ৮ মিনিট ধরে চলা এই অগ্ন্যুৎপাত এতটাই ব্যাপক এবং তীব্র ছিল যে, এর আওয়াজ শোনা যাচ্ছিল ৮০০ কিলোমিটার দূরের ফিজি পর্যন্ত।
আগ্নেয়গিরি থেকে প্রায় ২ হাজার ৩শ কিলোমিটার দূরে অবস্থিত নিউজিল্যান্ডেও সতর্কতা জারি করা হয়। ফিজির সরকারও সুনামি সতর্কতা জারি করে।
Tsunami videos out of Tonga ?? this afternoon following the Volcano Eruption. pic.twitter.com/JTIcEdbpGe
— Jese Tuisinu (@JTuisinu) January 15, 2022