চীনের ফাস্ট ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ড মিনিসো গ্রুপ নিজেদেরকে জাপানি ব্র্যান্ড হিসেবে প্রচার করায় ক্ষমা চেয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। একই সঙ্গে তারা চীনা গ্রাহকদের অনুভূতিতে আঘাত করার জন্যও ক্ষমা চেয়েছে।
মিনিসো ২০১৩ সালে টোকিওতে তাদের যাত্রা শুরু করে। আইন অনুযায়ী সেটির মালিক চীনা উদ্যোক্তা ইয়ে গুওফু। সাশ্রয়ী দামে ভালো পণ্য পৌছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে ৮১টি দেশে পাঁচ হাজারের বেশি স্টোর রয়েছে মিনিসোর। দ্রুত বাজার সম্প্রসারণ করা এই ডিজাইনার ব্র্যান্ডটি বাংলাদেশে যাত্রা শুরু করে ২০১৭ সালে।
মিনিসো বছরের পর বছর ধরে নিজেদেরকে “জাপানি ডিজাইনার ব্র্যান্ড” হিসাবে পরিচয় দিয়ে আসছিল।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে কোম্পানিটি তাদের বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা বলছে, নিজেদেরকে “জাপানি ডিজাইনার ব্র্যান্ড” হিসাবে প্রচার করার জন্য আমরা গভীরভাবে লজ্জিত।
চীনা শহর গুয়াংডং ভিত্তিক এই কোম্পানিটির বিবৃতিতে আরও বলা হয়, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মিনিসো জাপানী ডিজাইনার সানাজাচুনকে প্রধান ডিজাইনার হিসেবে নিয়োগ দেয়। যার ফলে মিনিসো “জাপানি ডিজাইনার ব্র্যান্ড” হিসেবে পরিচিতি পায়। এর প্রাথমিক পর্যায়ে কোম্পানি বুঝতে পারে তারা ব্র্যান্ড পজিশনিং এবং বিপণনের জন্য ভুল পথ গ্রহণ করেছে।
কোম্পানিটির ৮০%-এর বেশি পণ্য চীন থেকে আসে, কিন্তু আন্তর্জাতিকভাবে এটিকে জাপানি ব্র্যান্ড হিসেবে দাবি করা হয়। একই সঙ্গে কোম্পানির পণ্য এবং লোগোর মধ্যেও জাপানি ভাব ফুটিয়ে তোলা হয়েছে।