Thursday, October 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম

পূর্ব জাপানে তিন ঘণ্টার ব্যবধানে দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে আঘাত হানা ভূমিকম্প দুটির কম্পনে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির (জেএমএ) তথ্যের বরাত দিয়ে কিয়োডো নিউজ জানায়, প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ১৩ মিনিটে চিবা প্রিফেকচারের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

জাপানের চিবার আসাহি শহরে কম্পনের মাত্রা ছিল ৪। এ সময় পার্শ্ববর্তী ইবারাকি প্রিফেকচারসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সকাল ৭টা ১৪ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ইবারাকি প্রিফেকচারে। জেএমএর হিসাবে, এর মাত্রা ছিল ৪.০ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে। স্থানীয় ভূমিকম্প  তীব্রতা স্কেলে হিতাচিওমিয়া শহরে এর মাত্রা রেকর্ড করা হয় ৩।

জেএমএ জানিয়েছে, ভূমিকম্প দুটির কোনোটির পরই সমুদ্রে সুনামি সৃষ্টি হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে ১ অক্টোবর উত্তর-পূর্ব চিবায় ৫.১ মাত্রার এবং ২৯ সেপ্টেম্বর পূর্ব জাপানে ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়।

এছাড়া গত ২৩ আগস্ট একই অঞ্চলে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী টোকিওতে অন্তত ৪০ জন আহত হন।

   

About

Popular Links

x