Wednesday, September 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাপানে ‘টাইফুন দুজুয়ানের’ আঘাতে নিহত ২, হাজারো পরিবার বিদ্যুৎহীন

মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত দুজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন। একইসঙ্গে রাজধানী টোকিওর আশপাশের এলাকায় হাজারো বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আজ সকালে টাইফুনটি জাপানের উপকূল থেকে সরে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়। এরপর ভারী বৃষ্টি ও ভূমিধসের অধিকাংশ সতর্কতা প্রত্যাহার অথবা শিথিল করে কর্তৃপক্ষ।

এদিকে দুজুয়ানের প্রভাবে নির্ধারিত সময়ের আগেই ভিডিও গেম সংক্রান্ত বাণিজ্য মেলা ‘টোকিও গেম শো ২০২৬’ বন্ধ করে দেওয়া হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় অংশ নিতে এই খাতের সংশ্লিষ্টরা টোকিও আসেন।

উল্লেখ্য, গ্রীষ্মের শেষভাগ ও শরতের শুরুতে জাপানে প্রায়ই শক্তিশালী টাইফুন আঘাত হানে। চলতি মৌসুমের অন্যান্য ঝড়ের কারণে দেশটিতে চলমান এশিয়ান গেমসের কিছু আয়োজনও ব্যাহত হয়েছে।

অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টোকিওর কাছে কানাগাওয়া প্রিফেকচারে একজনের প্রাণহানি হয়েছে। চিবা প্রিফেকচারে আরেকজনের মৃত্যু হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নিখোঁজ চারজনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

মঙ্গলবার সকাল পর্যন্ত টোকিওর কাছে অবস্থিত চিবা প্রিফেকচারে ৪৬,০০০-এর বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল।

টোকিওর কেন্দ্র থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে ওশিমা দ্বীপে ৪৮ ঘণ্টায় ৮৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো সেপ্টেম্বর মাসে দ্বীপটির গড় বৃষ্টিপাতের তুলনায় এই পরিমাণ দ্বিগুণেরও বেশি। গত ২৪ ঘণ্টায় টোকিওর এদোগাওয়া ওয়ার্ডে ২৮২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা একটি নতুন রেকর্ড।

জলবায়ু পরিবর্তনের কারণে ভারী বৃষ্টির ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বিজ্ঞানীরা।

   

About

Popular Links

x