আফ্রিকার দেশ জাম্বিয়ার একটি সড়কের পাশ থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। রবিবার (১১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ইথিওপিয়া থেকে আসা অভিবাসীদের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলের পাশ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
জাম্বিয়া পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে বলেন, “গাড়িতে আসার পথে শ্বাসরোধে এসব অভিবাসীরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি অক্সিজেনের জন্য ছটফট করছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।”
এমওয়ালে আরও বলেন, “রবিবার নাগওয়েরের স্থানীয় বাসিন্দারা এসব অভিবাসীদের মরদেহ সন্ধান পায়। পরে দ্রুত পুলিশকে খবর দেয় তারা। তারা ইথিওপিয়ার নাগরিক, এ বিষয়ে পরিচয়পত্র পাওয়া গেছে।”
বিবৃতিতে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ২৪ জনের বয়স ২০ থেকে ৩৮। কোনো পাচারকারী চক্রের সদস্যরা তাদের রাস্তার পাশে ফেলে যায়। মরদেহগুলো জাম্বিয়া ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
এর আগে পার্শ্ববর্তী দেশ মালাউইতে গত অক্টোবরে একটি গণকবরে ২৫ ইথিওপিয়ান অভিবাসীর মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, ইথিওপিয়ান অভিবাসীরা দক্ষিণ আফ্রিকার মতো দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে জাম্বিয়ার ভেতর দিয়ে ভ্রমণ করে থাকে।