গত ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বাইরের দেশ থেকে ভারতে আসা ভ্রমণকারীদের মধ্যে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন এবং পুরোনো উপধরন ধরা পড়েছে।
এসব ভ্যারিয়েন্টের সবগুলোই ওমিক্রনের সাবলাইনেজ। যার মধ্যে রয়েছে বিএ.৫.২ উপ-ধরন এবং বিএফ.৭ উপ-ধরনের একটি সাবলাইনেজ, যা চীনে সাম্প্রতিক সংক্রমণের জন্য দায়ী।
বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাসের অসংখ্য ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। তবে তাদের মধ্যে খুব অল্প সংখ্যক ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনক।
গত ২৪ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ১৯ হাজার ২২৭ জনের ওপর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৪ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে ভারতে আসা যাত্রীদের ক্ষেত্রে কোভিড নেগেটিভ সনদপত্র পাওয়া বাধ্যতামূলক ঘোষণা করেছে ভারত সরকার।