গত কয়েকদিন ধরে ভারতে ফের বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে দেশটির ৩ রাজ্যে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি সতর্কতা জারি করা হয়েছে আরও ২টি রাজ্যে।
রবিবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটির হরিয়ানা, কেরালা ও পন্ডিচেরী এই ৩ রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সরকার। এছাড়া উত্তর প্রদেশ ও দিল্লিতে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, “সাম্প্রতিক স্পাইক মোকাবিলায় আমরা প্রস্তুত। আইসিইউ শয্যা, অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে।”
সরকারি তথ্য অনুযায়ী, ভারতে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। শনিবার মৃত্যু হয়েছে ১১ জন কোভিড রোগীর। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৫৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।