তেলসমৃদ্ধ কুয়েতের নতুন আমির, কে এই শেখ মিশাল?

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পরপরই তার সৎভাই ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) আমির শেখ নাওয়াফের মৃত্যুর কথা জানায় কুয়েত। তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর কয়েক ঘণ্টা পর মিশালকে নতুন আমির হিসেবে ঘোষণা করে কুয়েতের মন্ত্রিসভা।

শেখ মিশাল কে?

কুয়েতের নতুন আমির শেখ মিশাল আল আহমদ আল জাবেরের বয়স ৮৩ বছর। ২০২০ সালে তখনকার আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হয়েছিলেন মিশাল।

বিশ্বের দীর্ঘতম ক্রাউন প্রিন্সদের একজন ছিলেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে শেখ নওয়াফ নিজেই তার বেশিরভাগ দায়িত্ব শেখ মিশালের কাছে হস্তান্তর করেছিলেন। আমির মনোনীত হওয়ার আগে ২০২১ সাল থেকে কুয়েতের ডি-ফ্যাক্টো শাসক ছিলেন তিনিই।

কুয়েতের সংবিধানের অধীনে, পূর্ববর্তী আমির অক্ষম হয়ে গেলে ক্রাউন প্রিন্স আমির হন। 

শেখ মিশাল সংসদে শপথ গ্রহণের পর ক্ষমতা গ্রহণ করবেন। নতুন আমীরের উত্তরাধিকারী নামকরণের জন্য এক বছর পর্যন্ত সময় থাকে।

কুয়েতের আমির হিসেবে শেখ মিশাল, কি কি দায়িত্ব তার?

শেখ নওয়াফ ও ক্রাউন প্রিন্স শেখ মিশালের অধীনে কুয়েত আঞ্চলিক শক্তির কেন্দ্রবিন্দু সৌদি আরবের সঙ্গে নিজেকে আরও ঘনিষ্ঠ করে তুলেছে।

এই সময়ে ইরান-সৌদি সম্পর্ক পুনরুদ্ধার পশ্চিম এশিয়ার অভ্যন্তরীণ ভূ-প্রকৃতিকে একটি নতুন মাত্রা দিয়েছে। স্থিতিশীলতার প্রতীকের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের আভাস দিয়েছে। যদিও ইসরায়েল-হামাস যুদ্ধ অস্থির অঞ্চলে স্থিতিশীলতার জন্য সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।

যেসব চ্যালেঞ্জ নতুন আমিরের

সংসদের সঙ্গে সরকারের সম্পর্ক নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন ক্রাউন প্রিন্স। কুয়েতের শাসক পরিবারের তরুণ প্রজন্মের পদের জন্য ধাক্কাধাক্কির কারণেও তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

উত্তরাধিকারের দাবিদাররা রাজনৈতিক পুঁজি তৈরি করতে গিয়ে প্রায়ই সংসদে বিবাদে জড়ান। বিষয়টি সামাল দিতে হবে নতুন আমিরকে।

৪.২ মিলিয়ন জনসংখ্যার কুয়েতে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলের মজুত রয়েছে।