ভারতের আর জি কর কাণ্ডের পর মাসখানেক পেরিয়ে গেছে। এটিকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ যোগ দিয়েছেন। প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল শিল্পী ও তারকারা। সম্প্রতি আরজি কর কাণ্ডের মামলায় কলকাতার আদালতের শুনানির পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব আন্দোলনরতদের ফিরে যেতে ও সাধারণ মানুষদের আসন্ন দুর্গাপূজার উৎসবের জন্য প্রস্তুতি নিতে অনুরোধ করেন। তার এ ধরনের বক্তব্যর তীব্র নিন্দা প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সম্প্রতি শ্রীলেখা তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যর প্রতিবাদ জানিয়ে লিখেন, “কি বলবেন বলুন এবার, ১ মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাঁদা আর ভাতায় সব চাপা পড়ে যাক? সেটি আর হচ্ছে না দিদি। আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পূজা, তিলোত্তমাদের পূজা। মানুষ আপনার পূজার ফানুসে আর ভুলছেনা।”
এর আগে আর জি কর কাণ্ডের মামলার শুনানি ৫ সেপ্টেম্বর ধার্য করা হলেও প্রধান বিচারপতি বেঞ্চে না বসায় তারিখ পিছিয়ে ৯ সেপ্টেম্বর করা হয়।
উল্লেখ্য, মাসখানেক আগে কলকাতার আর জি কর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠে কলকাতাবাসী। এ হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছিলেন শ্রীলেখা।