বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান ও ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)।
শনিবার (৩ অক্টোবর) দুই সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।
শিয়ালদহ রেলস্টেশন থেকে মিছিল নিয়ে বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যান দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে গেলে মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে তা আটকে দেয় কলকাতা পুলিশ। পরে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ সময় বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে দেয়নি পুলিশ। বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়।
স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পর আন্দোলনকারীরা আরও কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে তারা বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকা ছেড়ে চলে যান।



