ওমরাহ ও ভ্রমণ ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশটির সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (জিএসিএ) নতুন এক বিজ্ঞপ্তিতে টিকা নেওয়ার শর্ত প্রত্যাহার করেছে।
এর আগে, গত মাসে ওমরাহ যাত্রীদের জন্য ওই টিকা বাধ্যতামূলক করা হয়। সেই নির্দেশনা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারির পর তা এয়ারলাইন্সগুলোতে পাঠিয়েছে সৌদি আরব সরকার।
আগের নির্দেশনা অনুযায়ী ওমরাহ পালন ও ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিস টিকা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। টিকার পাশাপাশি সনদ দিতে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়সহ ৮০টি কেন্দ্র নির্ধারণ করা হয়।
সৌদি আরবের নির্দেশনার পর সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এক অফিস আদেশে জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে সেসব যাত্রী ওমরাহ ভিসায় সৌদি আরব যাবেন অথবা ভিজিট ভিসায় গিয়ে ওমরাহ অথবা যিয়ারাহ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস টিকা নিতে হবে। যাত্রার তারিখ থেকে কমপক্ষে ১০ দিন আগে এই টিকা নিতে হবে। তবে ১ বছরের কম বয়সী শিশুদের ওই টিকা নেওয়ার প্রয়োজন নেই।