Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টিকা না পেয়ে সড়ক অবরোধ প্রবাসীদের

রাজধানীর পান্থপথে সড়ক অবরোধ করেছেন মধ্যপ্রাচ্যগামীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম

টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় ৩০০ জন প্রবাসী পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে এই আন্দোলন করছেন।

জানা গেছে, আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশ সৌদি আরব প্রবাসী। এছাড়া ওমরাহ যাত্রীরাও রয়েছেন। মঙ্গলবার তাদের বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দু’একটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু ওইসব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের যেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা সেখানে নেই।

পরে তাদের জানানো হয়, স্কয়ার হাসপাতালে টিকা আছে, সেখানে যেতে হবে। সেই অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। এই হাসপাতালে এসে দেখেন সেখানেও টিকা নেই। এরপর প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন।

এ বিষয়ে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুবায়ের বলেন, “টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে, স্কয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন। কিন্তু স্কয়ার হাসপাতালে থেকে প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হয়। তাদের কাছে তো এত টিকা জমা নেই। প্রায় ৩০০ জন লোক এসেছেন টিকা নিতে। তাদের অধিকাংশ সৌদি প্রবাসী। আবার অনেকে রয়েছেন ওমরাহ হজের যাত্রী। এর বাইরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রবাসীরাও রয়েছেন।”

স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে বলেন, “সকাল সাড়ে আটটা থেকে আমাদের হাসপাতালের সামনে টিকার জন্য প্রবাসীরা এসে বসে আছেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো টিকা নেই। যা ছিল গতকাল পর্যন্ত আমরা দিয়েছি। এই টিকা বাংলাদেশে আমদানি করে রেডিয়েন্ট ফার্মা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তারা বলছে নতুন করে টিকা আনতে অন্তত ১০-১৫ দিন লাগবে। এই মুহূর্তে তো আমাদের কিছুই করার নেই।”

তিনি আরও বলেন, “এর আগে প্রতিদিন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা টিকা লাগতো। হঠাৎ করেই সৌদি সরকারের কী সিদ্ধান্ত হলো, এখন এসে হাজারো মানুষ হাসপাতালের সামনে ভিড় জমিয়েছে। এর মধ্যে আবার অন্যান্য কয়েকটি হাসপাতালও তাদের কাছে টিকা নিতে যাওয়া লোকদের আমাদের হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমরা তো এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। এটি একটি স্লো মুভিং টিকা। অর্ডার দেওয়ার পরও বেশ সময় নিয়ে আসে। আমরা একাধিকবার রেডিয়েন্ট ফার্মাকে অনুরোধ করেছি কিছু করার জন্য, কিন্তু তারা বলছে পারবে না। এখন আমাদের কি করার আছে? আমাদের তো টিকা দিতে কোনো সমস্যা নেই। বরং আমাদের লাভ।”

এর আগে সোমবার (২০ জানুয়ারি) হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা দিয়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার কারণে এ টিকা দেওয়ার প্রয়োজন হবে। এ নির্দেশনা কার্যকর হবে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে।

জানা গেছে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা জানিয়ে চিঠি দিয়েছেন।

   

About

Popular Links

x