তিউনিসিয়ার প্রধানমন্ত্রী কামেল মাদৌরিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইদ। তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক স্থবিরতার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তিউনিস থেকে এএফপি এ খবর জানিয়েছে।
এক সরকারি ঘোষণায় বলা হয়েছে, গত বছর আগস্ট মাসে মন্ত্রিসভার বড় ধরনের রদবদল করার সময় নিযুক্ত টেকনোক্র্যাট মাদৌরির স্থলাভিষিক্ত হয়েছেন পূর্বের গণপূর্তমন্ত্রী সারা জাফরানি জেনজরি।
মন্থর প্রবৃদ্ধি ও উচ্চ বেকারত্বসহ গুরুতর আর্থিক সমস্যায় জর্জরিত ব্যাপক ঋণগ্রস্ত তিউনিসিয়ার মন্ত্রীদের কর্মক্ষমতা নিয়ে সাম্প্রতিক অসন্তোষ প্রকাশ করেছেন সাঈদ।
মন্ত্রী ও বিচারকদের বরখাস্ত করার পূর্ণ ক্ষমতা থাকা প্রেসিডেন্ট ২০২৪ সালের আগস্টে মাদৌরিকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। সেই সময় তিনি আরও ১৯ জন মন্ত্রীকে রদবদল করেন। “রাষ্ট্রের সর্বোচ্চ স্বার্থ” এবং “জাতীয় নিরাপত্তার” প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, ২০২৫ সালে তিউনিসিয়ার বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র ১.৬% হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঋণের পরিমাণ জিডিপির প্রায় ৮০%, যা ২০১৯ সালে সাইদ ক্ষমতা গ্রহণের আগে ছিল ৬৭%।