কানাডায় উৎসবরত জনতার ওপর গাড়ি, নিহত একাধিক

কানাডার ভ্যাঙ্কুভারে ফিলিপিনো স্ট্রিট ফেস্টিভ্যালে উৎসবরত জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তবে ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, তা এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। ঘটনার সময় উৎসবস্থলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টার পর একজন গাড়িচালক ইস্ট ৪১ অ্যাভিনিউ ও ফ্রেসার স্ট্রিটে উৎসব চলাকালীন ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। ওই সড়কে ফিলিপাইনের জাতীয় বীরের সম্মানে “লাপু লাপু ডে ব্লক পার্টি” অনুষ্ঠিত হচ্ছিল।

ভ্যাঙ্কুভার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৩০ বছর বয়সী গাড়ি চালককে আটক করা হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় আহত ও অচেতন মানুষ পড়ে আছে। উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ সাহায্য করার চেষ্টা করছেন। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভ্যাঙ্কুভারের মেয়র কেন সিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে লেখেন, “আজকের লাপু লাপু ডে ইভেন্টে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনায় আমি স্তম্ভিত এবং গভীরভাবে মর্মাহত।”

তিনি আরও বলেন, “এই অসম্ভব কঠিন সময়ে আমরা আক্রান্ত সবার, বিশেষ করে ভ্যাঙ্কুভারের ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি।”

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এই ঘটনার প্রত্যক্ষদর্শী কানাডিয়ান টেলিভিশন চ্যানেল সিটিভি নিউজকে জানান, ঠিক দুর্ঘটনার আগ মুহূর্তে উৎসব এলাকায় একটি কালো গাড়িকে অস্বাভাবিকভাবে চলতে দেখেছিলেন তিনি।

বাও বানস ফুড ট্রাকের ইয়োসেব ভার্দেহ স্থানীয় সংবাদমাধ্যম পোস্টমিডিয়াকে বলেন, “আমি চালককে দেখতে পাইনি, শুধু ইঞ্জিনের গর্জন শুনেছি। ফুড ট্রাক থেকে বাইরে এসে দেখি, রাস্তাজুড়ে শুধু লাশ আর আহত মানুষ। গাড়িটি পুরো ব্লক জুড়ে রাস্তার মাঝখান দিয়ে সোজা এগিয়ে গেছে।”

সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে গাড়ি আসার কয়েক মিনিট আগে তিনি সেখান থেকে চলে যান।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “নিহত ও আহতদের পরিবার, ফিলিপিনো-কানাডিয়ান সম্প্রদায় এবং পুরো ভ্যাঙ্কুভারের জনগণের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সবাই আপনাদের শোকে শামিল।”

উল্লেখ্য, কানাডায় আগামী ২৯ এপ্রিল ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে দেশটি।