পে-স্কেলের আদেশ সংশোধন, বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশে সংশোধনী এনেছে সরকার। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণের বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে। 

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি শেষ হয়েছে এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে তাদের নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়েছে, তাদের ক্ষেত্রে উপ-দফা (ঝ)-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ পাওনা হলে তা পরিশোধ করতে হবে।

এছাড়া মূল আদেশের উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) সংযোজন করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই শুরু হয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ মূল আদেশের উপ-দফা (ঙ), (চ), অনুচ্ছেদ ৫-এর উপ-দফা (জ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে।

অন্যদিকে, যেসব কর্মচারী ২০২৬ সালের ২ জুলাই বা এর পর অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী উপ-দফা (ক), (খ), (গ) ও (ঞ)-এর বিধান অনুসারে পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ ও পরিশোধ করা হবে উপ-দফা (ঙ), (চ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী।

প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। অনুচ্ছেদটির উপ-দফা (জ)-এর পর যুক্ত করা নতুন ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এরপরও চলমান রয়েছে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।

বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা

নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা দেওয়ার বিষয়ে পৃথক নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ।

নির্দেশনা অনুযায়ী, কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সেই পরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে প্রাপ্য হবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করতে হবে।

তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর পে-ফিক্সেশনের কারণে তার বেতন পুনর্নির্ধারিত হলেও এ বাবদ কোনো বকেয়া অর্থ পাবেন না। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।