প্রতিদিনের যেসব কাজে লুকিয়ে আছে সুস্থ থাকার কৌশল

সকালে অফিসে গিয়ে দিনের বেশির ভাগ সময় কাটে ডেস্কে বসে। অফিস থেকে ফেরার পথে গাড়িতে, আর বাসায় ফিরে সোফায়। এভাবে কখন যে পুরো দিনটা বসে বসে কেটে যায়, তা অনেকেই টের পান না। রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো মনে পড়ে, সারা দিনে একবারও ব্যায়াম করা হয়নি।

নিয়মিত শরীরচর্চা স্বাস্থ্যের জন্য উপকারী, তা আমরা জানি। কিন্তু কাজের ব্যস্ততায় আলাদা করে ব্যায়ামের সময় বের করা অনেকের জন্যই কঠিন। অথচ শরীর সুস্থ রাখতে সব সময় জিমে যাওয়া বা নির্দিষ্ট সময় ধরে ব্যায়াম করার প্রয়োজন পড়ে না। দৈনন্দিন জীবনের ছোটখাটো নড়াচড়াও শরীরের জন্য উপকারী হতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইচ্ছাকৃত ব্যায়ামের বাইরে প্রতিদিনের স্বাভাবিক কাজকর্মের মধ্য দিয়ে শরীরের যে নড়াচড়া হয়, সেটিও শারীরিক কার্যকলাপের অংশ। একে বলা হয় ‘নন-এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস’ বা সংক্ষেপে এনইএটি।

নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির রিসার্চ ফেলো অনন্ত নারায়ণনের মতে, ঘুমানো, খাওয়া কিংবা পরিকল্পিত ব্যায়াম ছাড়া অন্য যেসব কাজের জন্য শরীর নড়াচড়া করে, সেগুলোতে ব্যয় হওয়া শক্তিই এনইএটির অন্তর্ভুক্ত। 

অর্থাৎ বসে থাকার সময় পা নাড়ানো, কাজের ফাঁকে ভঙ্গি পরিবর্তন করা, কাঁধ ঘোরানো কিংবা বাসন ধোয়ার মতো সাধারণ কাজও এর অংশ হতে পারে।

নারায়ণনের মতে, শরীরের ছোটখাটো এসব নড়াচড়াও দৈনন্দিন শারীরিক কার্যকলাপের মধ্যে পড়ে। নিয়মিত এমন নড়াচড়া ক্যালরি খরচ করতে, হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে এবং মৃত্যুঝুঁকি হ্রাসে ভূমিকা রাখতে পারে - 

চঞ্চলতা

ছোটবেলা থেকে আমাদের অস্থির না হতে উৎসাহিত করা হয়, কারণ এটিকে অমনোযোগিতার লক্ষণ হিসেবে দেখা হয়। এই পরামর্শ উপেক্ষা করার অনেক কারণ রয়েছে।

নারায়ণন বলেন, “দীর্ঘক্ষণ বসে থাকার ফলে আমাদের পায়ের পেশিগুলো তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে। এতে পেশির নিয়মিত সংকোচন কমে যায়, যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ দূর করতে এবং সুস্থ রক্ত সঞ্চালনে সহায়তা করে।”

কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চঞ্চল থাকার চেষ্টা করলে পেশি সঞ্চালন বাড়ে এবং এর ফলে স্থির হয়ে বসে থাকার তুলনায় বেশি ক্যালোরি পোড়ে।

কিছু পূর্ববর্তী গবেষণা থেকে জানা যায় যে, পা নাড়াচাড়া করা রক্তনালীর কার্যকারিতা বজায় রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে মনে করেন নারায়ণন।

একইভাবে, একটি ছোট গবেষণায় দেখা গেছে যে, স্থির হয়ে বসে থাকার তুলনায় অভ্যাসবশত পা নাড়ানো (যা এক ধরনের অস্থিরতা) প্রায় ১৬% বেশি শক্তি খরচ করে।

ঘন ঘন স্থান পরিবর্তন

দৈনন্দিন শারীরিক কার্যকলাপের জন্য জিমে যাওয়ার বা নড়াচড়া করার জন্য নির্দিষ্ট সময় বের করার প্রয়োজন হয় না।

২০২৪ সালের একটি বড় গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র চার মিনিটের সংক্ষিপ্ত ও আকস্মিক শারীরিক কার্যকলাপ, যা এক মিনিটেরও কম সময় ধরে চলে, তা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে সৃষ্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এই গবেষণায়, গবেষকরা যুক্তরাজ্যের ২২ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করেছেন, যারা একটি ট্র্যাকিং ডিভাইস পরেছিলেন যা সারাদিন ধরে তাদের চলাচলের পরিমাণ রেকর্ড করে। নমুনাটি এমন ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল যারা নিয়মিত উদ্দেশ্যমূলক ব্যায়ামে অংশ নিতেন না।

অংশগ্রহণকারীদের আট বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। গবেষকরা দেখেছেন যে, দৈনন্দিন কার্যকলাপের উচ্চ মাত্রা দিনে ১১ ঘণ্টার বেশি বসে থাকার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকিগুলো প্রশমিত করতে পারে। পরবর্তী গবেষণায় দেখা গেছে যে, এই ধরনের কার্যকলাপ অকালমৃত্যুর ঝুঁকি হ্রাসের সঙ্গেও যুক্ত।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো এবং এই গবেষণার প্রধান নিকোলাস কোয়েমেল বলেন, “আমরা যে ধরনের কার্যকলাপ অন্তর্ভুক্ত করতে পারি তার মধ্যে রয়েছে সিঁড়ি বেয়ে ওঠা, ভারী শপিং ব্যাগ বহন করা বা শিশুদের সঙ্গে খেলা করা।”

এছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার স্বাভাবিক গতির চেয়ে দ্রুত হাঁটা, অথবা দোকানে যাওয়ার সময় একটু দূরে গাড়ি পার্ক করা। কেনাকাটার সময়, ট্রলির পরিবর্তে ঝুড়ি বহন করতে পারেন। এই কাজগুলোর মাধ্যমে পেশি শক্তিশালী হয়ে উঠতে পারে।

অভ্যাস ধরে রাখা

যুক্তরাজ্যের লফবোরো ইউনিভার্সিটির আচরণগত চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক আমান্ডা ডেলি বলেন, “ফিটনেসের বড় লক্ষ্যগুলো কষ্টসাধ্য মনে হতে পারে, তাই সারাদিন ধরে শারীরিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার আরেকটি কৌশল হতে পারে - আপনি আগে থেকেই যে কাজগুলো করছেন সেগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করা। এর জন্য শুধু আপনি যে কাজটি করছেন তার সঙ্গে কিছুটা নড়াচড়া যোগ করতে হয়। আপনি দাঁত ব্রাশ করার সময় কাফ রেইজ বা গোড়ালি ওঠানামা করা, ডেস্কের নিচে পায়ের পাতা নাড়ানো বা ওপর নিচ করা, অথবা ফোনে কথা বলার সময় বসে থাকার পরিবর্তে হাঁটতে হাঁটতে আলাপ চালানো যেতে পারেন।”

কর্মদিবসেও নতুন অভ্যাস গড়ে তোলা সম্ভব। একটি গবেষণায়, ডেলি এবং তার সহকর্মীরা ডাক্তারদের স্ট্যান্ডিং ডেস্ক সরবরাহ করেন। এটি তাদের প্রতিদিন প্রায় দুই ঘণ্টা বসে থাকার সময় কমাতে সাহায্য করেছিল।

পরিশেষে বলা যায়, অলসভাবে বসে থাকার চেয়ে এই ছোট ছোট অভ্যাস বা কার্যকলাপ আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।