বর্তমান যুগে ভালো ঘুম যেন ধীরে ধীরে বিলাসিতায় পরিণত হচ্ছে। একসময় দিনের পরিশ্রম শেষে মানুষ বিছানায় গেলেই সহজে ঘুমিয়ে পড়তো। কিন্তু আজকের ব্যস্ত জীবন, কর্মক্ষেত্রের চাপ, অর্থনৈতিক অনিশ্চয়তা, অতিরিক্ত মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, রাত জেগে কাজ করা এবং মানসিক উদ্বেগের কারণে অনিদ্রা বা ঘুমের সমস্যা বিশ্বজুড়ে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে অন্তত একজন জীবনের কোনো না কোনো সময় ঘুমের সমস্যায় ভোগেন। বাংলাদেশের অবস্থাও এর ব্যতিক্রম নয়। শহরের কর্মজীবী মানুষ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমনকি স্কুলপড়ুয়া শিশুদের মধ্যেও রাত জেগে থাকার প্রবণতা বাড়ছে। ফলে পরদিন ক্লান্তি, মনোযোগের ঘাটতি, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, কর্মক্ষমতা কমে যাওয়া এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা ও হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায়।
অনেকেই ঘুম না হলে ঘুমের ওষুধের দিকে ঝুঁকে পড়েন। চিকিৎসকের পরামর্শে স্বল্প সময়ের জন্য কিছু ওষুধ কার্যকর হলেও দীর্ঘদিন ব্যবহার করলে নির্ভরশীলতা, স্মৃতিশক্তির সমস্যা এবং অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।
তাই বিশ্বের গবেষকরা এখন এমন প্রাকৃতিক উপায় খুঁজছেন, যা শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দকে ফিরিয়ে আনতে সাহায্য করে। আশ্চর্যের বিষয় হলো, আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় থাকা অনেক পরিচিত ফলই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঘুমকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের একটি জৈবিক ঘড়ি, যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামের একটি হরমোন তৈরি করতে শুরু করে। এই মেলাটোনিনই শরীরকে সংকেত দেয় যে এখন বিশ্রামের সময়। অন্যদিকে সেরোটোনিন নামের আরেকটি রাসায়নিক পদার্থ দিনের বেলায় আমাদের মন ভালো রাখতে সাহায্য করে এবং রাতের বেলায় এর একটি অংশ মেলাটোনিনে রূপান্তরিত হয়। অর্থাৎ ভালো ঘুমের জন্য শরীরে পর্যাপ্ত সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখানেই ফলের ভূমিকা শুরু হয়। অনেক ফলেই রয়েছে ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক শর্করা, যা শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরির প্রক্রিয়াকে সহায়তা করে। কিছু ফলে এমন উপাদানও রয়েছে, যা স্নায়ুকে শিথিল করে এবং পেশির অপ্রয়োজনীয় টান কমিয়ে শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে। তাই ফল কোনো ঘুমের ওষুধ নয়, বরং শরীরের স্বাভাবিক ঘুমের ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে।
বাংলাদেশের সৌভাগ্য হলো, আমরা এমন একটি উষ্ণমণ্ডলীয় দেশে বাস করি যেখানে সারা বছর নানা ধরনের পুষ্টিকর ফল পাওয়া যায়। কলা, পেঁপে, আনারস, পেয়ারা, ডাব, তরমুজ, আম, কাঁঠাল, মাল্টা, কমলা, বেল, কামরাঙা, বরইসহ অসংখ্য ফল শুধু ভিটামিনের উৎস নয়, ভালো ঘুমের জন্যও উপকারী হতে পারে। বিদেশি সুপারফুডের পেছনে হাজার হাজার টাকা ব্যয় করার পরিবর্তে আমাদের নিজের দেশের মৌসুমি ফলই অনেক ক্ষেত্রে সমান কিংবা তার চেয়েও বেশি উপকার দিতে পারে।
উদাহরণ হিসেবে কলার কথা বলা যায়। বাংলাদেশে সবচেয়ে সহজলভ্য ফলগুলোর মধ্যে কলা অন্যতম। এতে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি–৬ থাকে। পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম পেশিকে শিথিল করতে সাহায্য করে, আর ভিটামিন বি-৬ শরীরে সেরোটোনিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই রাতের খাবারের এক থেকে দেড় ঘণ্টা পরে একটি মাঝারি আকারের কলা খাওয়া অনেকের ক্ষেত্রে শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে সহায়ক হতে পারে।
পেঁপেও একটি অসাধারণ ফল। এতে রয়েছে ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। দীর্ঘদিনের মানসিক চাপ শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে ঘুমের মান নষ্ট করতে পারে। পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট এই ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে।
একইভাবে পেয়ারায় রয়েছে প্রচুর ভিটামিন সি, খাদ্য আঁশ এবং পটাশিয়াম। এটি রক্তে শর্করার দ্রুত ওঠানামা কমাতে সহায়তা করে, ফলে রাতের বেলায় শরীর তুলনামূলক স্থিতিশীল থাকে।
ডাবের পানিও বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের গরম আবহাওয়ায় অনেক মানুষ পর্যাপ্ত পানি পান করেন না। অথচ হালকা পানিশূন্যতাও রাতে অস্বস্তি, পায়ে টান ধরা এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ডাবের পানিতে থাকা প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট, বিশেষ করে পটাশিয়াম ও সামান্য ম্যাগনেসিয়াম শরীরের তরল ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে রাতে অতিরিক্ত ডাবের পানি পান না করে বিকেল বা সন্ধ্যার দিকে খাওয়াই ভালো, যাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভাঙার সম্ভাবনা কম থাকে।
ভালো ঘুম শুধু একটি রাতের বিষয় নয়; এটি সারাদিনের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। আর সেই সুস্থ জীবনযাত্রার অন্যতম সহজ, নিরাপদ ও প্রাকৃতিক সঙ্গী হতে পারে আমাদের নিজেদের দেশের মৌসুমি ফল।
আধুনিক বৈজ্ঞানিক গবেষণাও এখন এই সত্যকে ক্রমেই আরও দৃঢ়ভাবে সমর্থন করছে। প্রথম পর্বে আমরা দেখেছি, আমাদের শরীরের ঘুম নিয়ন্ত্রণে মেলাটোনিন, সেরোটোনিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন বি–৬ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের পরিচিত কিছু ফল কীভাবে এই প্রক্রিয়ায় সহায়তা করতে পারে।
এবার আমরা আরও কয়েকটি জনপ্রিয় উষ্ণমণ্ডলীয় ফলের বৈজ্ঞানিক গুণাগুণ এবং সেগুলো কীভাবে ভালো ও প্রশান্তিময় ঘুমে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা করব।
বাংলাদেশে গ্রীষ্মকাল মানেই আমের মৌসুম। আমকে অনেকেই শুধু সুস্বাদু ফল হিসেবেই চেনেন, কিন্তু এতে রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন বি–৬, ভিটামিন সি, ফলেট এবং বিভিন্ন পলিফেনল।
ভিটামিন বি-৬ শরীরে ট্রিপটোফ্যান থেকে সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। যদিও আম সরাসরি ঘুমের ওষুধ নয়, তবে রাতের খাবারের পরে পরিমিত পরিমাণে একটি ছোট আম বা কয়েক টুকরো আম শরীরকে ঘুমের জন্য প্রয়োজনীয় রাসায়নিক তৈরিতে সহায়তা করতে পারে। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তারা অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমাণ নিয়ন্ত্রণ করবেন।
আনারসও ঘুমের জন্য উপকারী ফলগুলোর মধ্যে অন্যতম। গবেষণায় দেখা গেছে, আনারস খাওয়ার পর শরীরে মেলাটোনিনের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এতে প্রচুর ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং ব্রোমেলেইন নামের একটি প্রাকৃতিক এনজাইম থাকে, যা হজমে সহায়তা করে।
রাতে ভারী বা অপাচ্য খাবার খেলে অনেকের অস্বস্তি হয় এবং ঘুম ব্যাহত হয়। আনারস হজমকে কিছুটা সহজ করতে সাহায্য করতে পারে। তবে অতিরিক্ত আনারস খেলে অম্লতা বা বুকজ্বালার সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণই যথেষ্ট।
তরমুজে প্রায় ৯০ শতাংশের বেশি পানি থাকে। গরমের দেশে বসবাসকারী মানুষের জন্য এটি শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় হলেও ঘুমানোর ঠিক আগে অতিরিক্ত তরমুজ খেলে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে। তাই সন্ধ্যার আগে বা রাতের খাবারের কিছু সময় আগে তরমুজ খাওয়াই বেশি উপযোগী।
কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি-৬ এবং খাদ্য আঁশ রয়েছে। এই খনিজগুলো স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। তবে কাঁঠালে প্রাকৃতিক শর্করার পরিমাণ তুলনামূলক বেশি হওয়ায় রাতে অতিরিক্ত খাওয়া উচিত নয়। অল্প পরিমাণে খেলে এটি একটি স্বাস্থ্যকর ফল হিসেবেই বিবেচিত হতে পারে।
অনেকেই রাতে মিষ্টিজাতীয় খাবার বা আইসক্রিম খেতে পছন্দ করেন, কারণ এগুলো খাওয়ার পর কিছুটা ঘুম ঘুম ভাব আসে। কিন্তু এর পেছনে যে কারণ কাজ করে, তা স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজ দ্রুত বাড়িয়ে দেয়, পরে আবার দ্রুত কমে যায়। এই ওঠানামা রাতে শরীরের স্বাভাবিক বিশ্রাম ব্যাহত করতে পারে এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায়। তুলনামূলকভাবে একটি কলা, কিছু পেঁপে, কয়েক টুকরো পেয়ারা বা অল্প আনারস অনেক বেশি স্বাস্থ্যকর বিকল্প।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি-কোনো ফলই অনিদ্রার চিকিৎসা নয়। দীর্ঘদিন ধরে যদি সপ্তাহে তিন দিনের বেশি ঘুমের সমস্যা থাকে, নাক ডাকা ও শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়, অথবা সারাদিন অতিরিক্ত ঘুম ঘুম লাগে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় থাইরয়েডের সমস্যা, স্লিপ অ্যাপনিয়া, মানসিক উদ্বেগ, বিষণ্নতা বা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। শুধু ফল খেয়ে এসব সমস্যার সমাধান সম্ভব নয়।
ভালো ঘুমের জন্য শুধু ফল নয়, জীবনযাপনও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া ও জেগে ওঠা, সন্ধ্যার পর অতিরিক্ত চা, কফি বা এনার্জি ড্রিংক এড়িয়ে চলা, ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল ও কম্পিউটারের পর্দা থেকে দূরে থাকা, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা এবং রাতের খাবার খুব বেশি ভারী না রাখা-এসব অভ্যাস ঘুমের মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। যদি এর সঙ্গে প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফল যুক্ত করা যায়, তাহলে উপকার আরও বাড়তে পারে।
বাংলাদেশ প্রকৃতির এক অপার ভাণ্ডার। আমাদের দেশের কলা, পেঁপে, পেয়ারা, আনারস, আম, কাঁঠাল, ডাব, তরমুজ, মাল্টা কিংবা বেলের মতো ফল শুধু ভিটামিন ও খনিজের উৎস নয়; এগুলো আমাদের সুস্থ জীবনযাত্রারও গুরুত্বপূর্ণ অংশ।
বিদেশি সুপারফুডের মোহে না ছুটে নিজের দেশের মৌসুমি ফলকে গুরুত্ব দেওয়া স্বাস্থ্য, অর্থনীতি এবং কৃষি-তিন ক্ষেত্রেই লাভজনক। এতে একদিকে যেমন কৃষক ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে মানুষও তুলনামূলক কম খরচে পুষ্টিকর খাদ্য গ্রহণের সুযোগ পাবেন।
প্রকৃতি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অসংখ্য উপহার দিয়েছে। ভালো ঘুমও তার ব্যতিক্রম নয়। একটি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত জীবনযাপন এবং বাংলাদেশের সহজলভ্য মৌসুমি ফলের সঠিক ব্যবহার হয়তো সব ধরনের অনিদ্রা দূর করবে না, কিন্তু নিঃসন্দেহে শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
তাই আজ থেকেই রাতের খাবারের পরে অতিরিক্ত মিষ্টি বা প্রক্রিয়াজাত স্ন্যাকসের পরিবর্তে একটি কলা, কিছু পেঁপে, পেয়ারা বা আনারস বেছে নেওয়া যেতে পারে। ছোট এই পরিবর্তনই হয়তো আপনাকে উপহার দেবে আরও শান্ত, গভীর ও সতেজ একটি ঘুম।