সকালে না দুপুরে? ভিটামিন ডি পেতে কখন রোদে যাবেন

শরীর সুস্থ রাখতে ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাড় ও দাঁত মজবুত রাখা, পেশির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করার ক্ষেত্রে এই ভিটামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকলে হাড় দুর্বল হওয়া, অস্টিওপোরোসিস, পেশিতে ব্যথা ও দুর্বলতা এবং শিশুদের ক্ষেত্রে রিকেটসের ঝুঁকি বাড়তে পারে।

ভিটামিন ডির অন্যতম প্রধান উৎস সূর্যের আলো। সূর্যের অতিবেগুনি বি রশ্মির সংস্পর্শে এলে ত্বকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি হয়। এ ছাড়া কিছু খাবার ও সাপ্লিমেন্ট থেকেও এই ভিটামিন পাওয়া যায়। তবে পর্যাপ্ত সূর্যালোক থাকা সত্ত্বেও বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভিটামিন ডির ঘাটতি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক জীবনযাপন, দিনের বেশির ভাগ সময় ঘরের ভেতরে থাকা, বায়ুদূষণ, পোশাকের কারণে শরীর ঢাকা থাকা এবং বয়স বৃদ্ধির ফলে ভিটামিন ডির ঘাটতির ঝুঁকি বাড়তে পারে।

ভিটামিন ডি পেতে কোন সময়ের রোদ সবচেয়ে ভালো?

অনেকের ধারণা, ভোরের কোমল রোদ ভিটামিন ডি পাওয়ার জন্য সবচেয়ে উপকারী। কিন্তু বাস্তবে খুব ভোরের সূর্যালোকে সাধারণত পর্যাপ্ত সূর্যের প্রয়োজনীয় রশ্মি  থাকে না। ফলে ওই সময় ত্বকে ভিটামিন ডি তৈরির পরিমাণ খুব কম হতে পারে।

সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে সূর্যের অতি বেগুনি রশ্মি ইউভিবি তুলনামূলক বেশি শক্তিশালী থাকে। এ সময় ত্বকে ভিটামিন ডি তৈরির সম্ভাবনাও বেশি থাকে। বাইরে দাঁড়ালে নিজের ছায়া শরীরের তুলনায় ছোট দেখালে বুঝতে হবে সূর্যের রশ্মি তুলনামূলকভাবে তীব্র।

তবে এই সময়ের রোদে ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকিও বেশি। তাই প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়ার জন্য দীর্ঘ সময় রোদে থাকা উচিত নয়।

কতক্ষণ রোদে থাকবেন?

প্রতিদিন ১০-১৫ বা ২০ মিনিট রোদে থাকলেই সবার ভিটামিন ডির চাহিদা পূরণ হবে, এমন কোনো সর্বজনীন নিয়ম নেই।

কারণ, ত্বকের রং, বয়স, ঋতু, ভৌগোলিক অবস্থান, বায়ুদূষণ, পোশাক এবং সূর্যের রশ্মির তীব্রতার ওপর ভিটামিন ডি তৈরির পরিমাণ নির্ভর করে।

ত্বকের রং গাঢ় হলে মেলানিনের পরিমাণ বেশি থাকে। মেলানিন অতি বেগুনি রশ্মির কিছু অংশ শোষণ করে, ফলে ত্বকে ভিটামিন ডি তৈরির হার তুলনামূলক কম হতে পারে। এ কারণে গাঢ় ত্বকের মানুষের ক্ষেত্রে একই পরিমাণ ভিটামিন ডি তৈরি করতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে।

অন্যদিকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ভিটামিন ডি তৈরির ক্ষমতাও কমে যায়। তাই বয়স্ক ব্যক্তিদের মধ্যে ভিটামিন ডির ঘাটতির ঝুঁকি বেশি থাকতে পারে।

শরীরের কোন অংশে রোদ লাগানো প্রয়োজন?

ত্বকের যে অংশে সরাসরি সূর্যালোক পড়ে, সেখানে ভিটামিন ডি তৈরি হয়। তাই শুধু মুখ ও হাতের পরিবর্তে বাহু ও পায়ের কিছু অংশ খোলা রাখলে তুলনামূলক বেশি ত্বক সূর্যালোকের সংস্পর্শে আসে।

তবে বেশি ভিটামিন ডি পাওয়ার আশায় অতিরিক্ত সময় শরীর অনাবৃত রেখে রোদে থাকা উচিত নয়। ত্বক পুড়ে যাওয়া, অকাল বার্ধক্য এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি এড়াতে সূর্যরশ্মি থেকে সুরক্ষা জরুরি।

ভিটামিন ডি ঘাটতির ঝুঁকিতে কারা?

যারা দিনের বেশির ভাগ সময় ঘরের ভেতরে থাকেন, নিয়মিত বাইরে বের হতে পারেন না, বয়স্ক, গাঢ় ত্বকের অধিকারী অথবা যাদের শরীরে ভিটামিন ডি শোষণে সমস্যা রয়েছে, তাদের ঘাটতির ঝুঁকি বেশি।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন গবেষণায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মধ্যে ভিটামিন ডির ঘাটতি পাওয়া গেছে। এর ফলে হাড় দুর্বল হওয়া, পেশির সমস্যা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতা ও বিষণ্ণতার সঙ্গে ভিটামিন ডির সম্পর্ক নিয়ে গবেষণা থাকলেও এসব রোগের সরাসরি কারণ হিসেবে ভিটামিন ডির ঘাটতিকে চিহ্নিত করা যায় না।

কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায়?

সূর্যালোকের পাশাপাশি কিছু খাবার থেকেও ভিটামিন ডি পাওয়া সম্ভব। যেমন—

চর্বিযুক্ত মাছ, যেমন স্যালমন, টুনা ও সার্ডিন।
ডিমের কুসুম।
কড লিভার অয়েল।
ভিটামিন ডি সমৃদ্ধ দুধ ও দই।
অতিবেগুনি আলোতে উৎপাদিত কিছু মাশরুম।
খাবারের পাশাপাশি শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।

কখন ভিটামিন ডি পরীক্ষা করাবেন?

দীর্ঘদিন হাড় বা পেশিতে ব্যথা, পেশির দুর্বলতা কিংবা ভিটামিন ডি ঘাটতির ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে রক্তের পরীক্ষা করা হয়।

রক্তে ভিটামিন ডির মাত্রা ২০ ন্যানোগ্রাম/মিলিলিটারের নিচে থাকলে অনেক ক্ষেত্রে তা অপর্যাপ্ত বা ঘাটতি হিসেবে বিবেচিত হয়। তবে ব্যক্তির শারীরিক অবস্থা ও চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী ফলাফল মূল্যায়ন করতে হয়।

চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। কারণ, শরীরে অতিরিক্ত ভিটামিন ডি জমে গেলে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে কিডনিসহ বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে।

ভিটামিন ডির ঘাটতি এড়াতে সুষম খাবার খাওয়া, নিয়মিত শারীরিক পরিশ্রম করা এবং নিরাপদ উপায়ে সূর্যালোকের সংস্পর্শে থাকা জরুরি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

মনে রাখতে হবে, সূর্যের আলো ভিটামিন ডির গুরুত্বপূর্ণ উৎস হলেও অতিরিক্ত রোদে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত ত্বকের সুরক্ষা বজায় রেখে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি নিশ্চিত করা।