রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ 

বাংলাদেশে রাসায়নিক শিল্পাঞ্চলের নিকটবর্তী সরকারি হাসপাতালসমূহের চিকিৎসক ও নার্সদের রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি প্রচেষ্টার অংশ হিসেবে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডবিউসি), সশস্ত্র বাহিনী বিভাগ এর তত্ত্বাবধানে ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা এর ব্যবস্থাপনায় ৩০-৩১ আগস্ট ২ দিনব্যাপী একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল- রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতালসমূহের দক্ষতা বৃদ্ধি। হাসপাতালসমূহের চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য মন্ত্রণালয় হতে আগত কর্মকর্তাগণসহ মোট ৭৬ জন প্রশিক্ষণার্থী উল্লেখিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণে জরুরি হাসপাতাল ব্যবস্থাপনা পরিকল্পনা, রাসায়নিক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিকে রাসায়নিক দূষণ মুক্তকরণ পদ্ধতি, ক্লিনিক্যাল ম্যানেজমেন্টসহ চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সেকেন্ডারি কন্টামিনেশন (Secondary Contamination) প্রতিরোধ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।