ঢাবিতে ২০০ ডাস্টবিন স্থাপন, ৭৫টি ওয়ার্ডজুড়ে ডিএসসিসির ‘ক্লিনিং ডে’

ঢাকার বায়ুদূষণ, অপরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীদের নেতৃত্বে শহরের সব শিক্ষার্থীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

​শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) এলাকায় ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

​ডিএসসিসি প্রশাসক বলেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে পথ দেখিয়েছে। বর্তমান বায়ুদূষণ ও অপরিচ্ছন্ন পরিবেশের অবস্থান থেকে বেরিয়ে আসতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরই নেতৃত্ব দিতে হবে। শহীদ মিনার, টিএসসি ও শাহবাগের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।’’ 

​তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা রক্ষায় ডিএসসিসির পক্ষ থেকে ২০০টি ডাস্টবিন (ওয়েস্ট বিন) স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে। 

অনুষ্ঠানে ডিএসসিসি ও ঢাবি ছাত্রদলের যৌথ উদ্যাগে পালিত বৃক্ষরোপণ, ফগার মেশিন বিতরণ  ও মশক নিধন কার্যক্রমের কথা উল্লেখ করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। 

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে টিএসসি থেকে একটি জনসচেতনতামূলক র‍্যালি শুরু হয়ে কলা ভবনের অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে ডিএসসিসি কর্তৃক স্থাপিত ২০০টি ওয়েস্ট বিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন। 

এছাড়া ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

মুগদায় জনসচেতনতামূলক সমাবেশ

‘ক্লিনিং ডে’ উপলক্ষে রাজধানীর মুগদায় এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

সমাবেশ শেষে অতিথিরা ওয়াসা রোড প্রান্তের মান্ডা খাল পরিদর্শন  এবং বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন। এছাড়া, হায়দার আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। 

৭৫টি ওয়ার্ডে একযোগে কর্মসূচি 

সাপ্তাহিক এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডেই একযোগে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও জনগণের অংশগ্রহণে মশার ওষুধ ছিটানোসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।