‘সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্বের সাথে দেখছে’

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেছেন, ‘‘সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে।’’ 
 
তিনি বলেন, ‘‘আলিয়া মাদ্রাসাগুলো পুনরুজ্জীবিত করতে বিশেষ বিসিএসের ব্যবস্থার বিষয়ে ভাবছে সরকার, এ জন্য দ্রুত সময়ের মধ্যে আলিয়া মাদ্রাসাগুলোর তথ্য দিতেও নির্দেশনা দিয়েছে।’’ 

এছাড়া সরকার আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদরাসা সরকারীকরণের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত অধিভুক্ত মাদরাসার শিক্ষকদের নিয়ে দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ভিসি আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষাকে কার্যকর ও যুগোপযোগী করতে দেশের ৮ বিভাগে ৮টি শিক্ষক প্রশিক্ষণ সেন্টার করা হবে। সব পর্যায়ের শিক্ষককে প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে পরিকল্পনা নেওয়া হয়েছে।’’ 

এ সব প্রশিক্ষিত মাদ্রাসা শিক্ষক দ্বারা গভর্নিং বডির সহযোগিতায় প্রতি শনিবার ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। 

এ সময় সারাদেশ থেকে বাছাইকৃত ৩০ জন মাদ্রাসা শিক্ষককে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলর। পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার বাছাই করা হবে, যারা সারাদেশে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। 

প্রো ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক মাস্টার ট্রেইনার বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মো. ইলিয়াস সিদ্দিকী, ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অনুষ্ঠান উপস্থাপনা করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আবুল হোসাইন মো. নুরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. ওয়ালিউর রহমান, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. জাবেদ আহমাদ, সহকারী অধ্যাপক (আরবি) হারুনুর রশিদ এবং সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ জাহেদ উল্লাহ।