ডিআইইউতে ‘সাংবাদিকতায় মানসিক চাপ ও ট্রমা ব্যবস্থাপনা’ কোর্সের উদ্বোধন

পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের মানসিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ (জেএমসি) বিভাগের উদ্যোগে ‘ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড ট্রমা ইন জার্নালিজম’ শীর্ষক একটি বিশেষ এক্সট্রা-কারিকুলার মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির ইরাসমাস এবং সিবিএইচই হারমনি প্রজেক্ট ল্যাবে কোর্সটির উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত বৈশ্বিক কনসোর্টিয়াম 'AGILE'-এর একটি উদ্যোগ হিসেবে কোর্সটি পরিচালিত হচ্ছে। এটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে সুইডেনের লিনিয়াস ইউনিভার্সিটির ফোয়ো মিডিয়া ইনস্টিটিউট (Fojo Media Institute) এবং কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (CJEN) বাংলাদেশ।

বিশ্বের ৯টি দেশের সাংবাদিকতা বিভাগের অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে ১২ ঘণ্টাব্যাপী ও ৬টি মডিউলের এই বিশেষ কোর্সটির পাঠ্যক্রম সাজানো হয়েছে। সাংবাদিকতা পেশার কঠিন ও ট্রমাটিক পরিস্থিতিগুলোতে ভবিষ্যৎ সংবাদকর্মীরা কীভাবে নিজেদের মানসিক চাপ মোকাবিলা করবেন, তার বৈজ্ঞানিক ও ব্যবহারিক কৌশল শেখানোই এই আয়োজনের মূল লক্ষ্য।

উদ্বোধনী ক্লাসে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও মানসিক প্রশান্তি ধরে রাখার কৌশল নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন ডিআইইউ-এর সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের প্রধান ড. মো. আব্দুল কাবিল খান।

এছাড়া কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে থাকবেন মাছরাঙা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট কাওসার সোহেলী, লিভিং উইথ ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও সিইও এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাহমুদা, অক্সফ্যাম ইন বাংলাদেশের আইক্যাম (ICAM) স্পেশালিস্ট আব্দুল্লাহ আল হোসাইন আলিফ, দি ইরাবতীর (The Irrawaddy) বাংলাদেশ করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ এবং বাংলানিউজ২৪-এর সিনিয়র নিউজরুম এডিটর শারমিন আজাদ শান্তা।