পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখার আয়োজনে "মনের স্বাস্থ্য: সুখের চাবিকাঠি " ও "ECO-FRIENDLY BUSINESS" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মার্চ) অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মনোবিজ্ঞানী ও শিশু-কিশোরীদের সংগঠন সোনার তরীর প্রতিষ্ঠাতা ফারজানা ফাতেমা রুমী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর- এর মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শেখ মাজেদুল হক স্যার। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬০ জন নারী শিক্ষার্থী ছিলেন যারা সাত দিনব্যাপী অনুষ্ঠিত বহ্নিশিখার বলিয়ান নারী কার্যক্রমের অংশ হিসেবে "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন" প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, গ্রীন ভয়েস কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য স্বপন মাহমুদ, বহ্নিশিখার রংপুর জেলা সমন্বয়ক সুরাইয়া আক্তার, গ্রীন ভয়েস-বেরোবি শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং সেমিনারটি সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস-বেরোবি শাখার সভাপতি মো. শাওন মিয়া ।
সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে পরিবেশবান্ধব ব্যবসা এবং মনোভাব তৈরি করা যায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি, পরিবেশ, জীবন বিষয়ে কাজ করে। ২০০৫ সালে গ্রীন ভয়েস প্রতিষ্ঠিত হয়। তাদের প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক রয়েছে।



