ডিআরইউ লেখক সম্মাননা পেলেন সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ্ 

সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অবদান রাখায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) লেখক সম্মাননা ২০২৬ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও লেখক এম এম বাদশাহ্। শিশু-কিশোরদের জন্য লেখা তার বই ‘গোপন স্বপ্নের খোঁজে’র জন্য এ সম্মাননা দেওয়া হয়। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৬ জন সাংবাদিক-লেখককে সম্মাননা প্রদান করা হয়।

এম এম বাদশাহ্ বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির চিফ নিউজ এডিটর (প্রধান বার্তা সম্পাদক) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক। 

সাংবাদিকতার পেশাগত দায়িত্বের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সদস্যদের কল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। 

২০০০ সালে ‘শিক্ষাবিচিত্রা’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এম এম বাদশাহ্। দীর্ঘ আড়াই দশকের বেশি সময়ের পেশাগত জীবনে কাজ করেছেন দৈনিক মানবজমিন, যুক্তরাজ্যের চ্যানেল এস, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, এসএ টিভি, জাপানের কিয়োডো নিউজ এবং ইরানের রেডিও তেহরানসহ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে। 

অনুসন্ধানী সাংবাদিকতা, অপরাধ প্রতিবেদন, মানবাধিকার, দুর্নীতি এবং অভিবাসন-সংশ্লিষ্ট বিষয় তার সাংবাদিকতার উল্লেখযোগ্য ক্ষেত্র। মোবাইল জার্নালিজম বা মোজো সাংবাদিকতার বিকাশ ও প্রশিক্ষণেও তার সম্পৃক্ততা রয়েছে।

সাংবাদিকতার অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের নানা ঘটনার পেছনের গল্প নিয়ে ২০২৫ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার বই ‘নিষিদ্ধ সত্য’। বর্ষা দুপুর প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে উঠে এসেছে একজন ক্রাইম রিপোর্টারের মাঠপর্যায়ের কাজ, অনুসন্ধানের অভিজ্ঞতা এবং সংবাদ প্রকাশের আড়ালে থেকে যাওয়া নানা অজানা ঘটনা। 

এরপর ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার তৃতীয় গ্রন্থ ‘গোপন স্বপ্নের খোঁজে’। কিশোর-কিশোরীদের স্বপ্ন, সাহস, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশকে কেন্দ্র করে লেখা অনুপ্রেরণামূলক গল্পের এ বইটি পাঠকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। তার প্রকাশিত আরেকটি বই ‘সাহসী নেংটি ইঁদুর’। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি। 

পেশাগত জীবনে অনুসন্ধানী সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে এম এম বাদশাহ্ অর্জন করেছেন হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, আইসিএফজে-ইউএসএ ফেলোশিপ, ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ড, পিআইবি-প্রজ্ঞা অ্যাওয়ার্ড এবং দ্য লেপ্রসি মিশন জার্নালিজম ফেলোশিপসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। 

শিক্ষাজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরবর্তী সময়ে ঢাকা ল কলেজ থেকে এলএলবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড জাস্টিস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

সাংবাদিকতা, সাংগঠনিক নেতৃত্ব ও সাহিত্যচর্চা—তিনটি ক্ষেত্রেই সক্রিয় এম এম বাদশাহ্ মনে করেন, ‘‘পেশাগত দায়িত্বের পাশাপাশি সৃজনশীল লেখালেখি মানুষের চিন্তা ও সমাজকে সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে শিশু-কিশোরদের স্বপ্ন দেখতে শেখানো, আত্মবিশ্বাস তৈরি এবং ইতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’ 

ডিআরইউর এই সম্মাননা তার সাহিত্যচর্চাকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।