বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের চর্চা, বিকাশ এবং এ ক্ষেত্রে সক্রিয় অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও স্মরণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’। ফারসি ভাষা ও সাহিত্যপ্রেমী, গবেষক, লেখক, অনুবাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এ উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর ‘শাবে ইয়ালদা ২০২৬’ উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফারসি ভাষা ও সাহিত্যে বাংলাদেশের যেসব ব্যক্তি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের অবদান তুলে ধরা ও যথাযথ স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকরা জানান, বাংলাদেশে ফারসি ভাষা ও সাহিত্যের সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এ ভাষার সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করা এবং আগ্রহী ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়াতে উৎসবটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
প্রতিটি বিভাগে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে ইরানে ফারসি ভাষা শিক্ষার ক্ষেত্রে পূর্ণ স্কলারশিপ দেওয়া হবে।
উৎসবটি সফল করতে সার্বিক সহযোগিতায় রয়েছে আন্জুমানে ফারসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ।