দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস রয়েছে, আর আক্রান্তদের মাত্র ২০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে থাকে। এই বাস্তবতায় ডায়াবেটিস মোকাবিলায় চিকিৎসা-নির্ভরতার বদলে প্রতিরোধ, স্ক্রিনিং ও পূর্ণাঙ্গ জাতীয় জরিপের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ প্রতিপাদ্যে ধারা নিউজ ও ফিটব্যাক রিসেট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশেষজ্ঞদের মতে, শুধু চিকিৎসা নয়, এই রোগ প্রতিরোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ। গোলটেবিল বৈঠকটিতে টাইটেল স্পনসর হিসেবে ছিল ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বসুন্ধরা মেডিকেল সিটি এবং সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড।
অনুষ্ঠানের শুরুতে প্রধান সহযোগী প্রতিষ্ঠান ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকিদুজ্জামান শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ফিটব্যাক রিসেট চিকিৎসকদের সহযোগী হিসেবে এসব বিষয়ে কাজ করে।
সুস্থ ও ফিট থাকা এক দিনের বিষয় নয়, বরং প্রতিদিনের অভ্যাসের ফল উল্লেখ করে মো. মুকিদুজ্জামান জানান, ফিটব্যাক রিসেট একটি ওয়েলনেস সেন্টার, যেখানে রোগভিত্তিক ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে নিজের শরীর সম্পর্কে সচেতন ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা ফিটব্যাক রিসেট প্রতিষ্ঠার শুরু থেকেই ওজন কমানো, ওয়েলনেস প্রোগ্রাম এবং বডি শেপিংয়ের মাধ্যমে মানুষকে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়তা করে আসছে। বর্তমানে রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় তাদের দুটি সেন্টার রয়েছে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত তারা ৪ হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে এবং তাঁদের মোট ১০ হাজার ৭৯২ কেজির বেশি ওজন কমাতে সহায়তা করেছে। পাশাপাশি ৩ হাজার ৩২৪টির বেশি স্বাস্থ্যসংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা এবং বডি মেজারমেন্ট কমানোর ক্ষেত্রে ৪৫ হাজার ৯১৫ সেন্টিমিটারের বেশি পরিবর্তনের রেকর্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বৈঠকে বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান বলেন, এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত। বসুন্ধরা মেডিকেল সিটির অন্যতম লক্ষ্য হলো দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে। পাশাপাশি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসায় হাসপাতালের কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
আলোচকদের মতে, ডায়াবেটিস মোকাবিলায় শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে চলবে না; নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর সমন্বয় প্রয়োজন। ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত উদ্যোগেই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা করে একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিশেষজ্ঞরা।