উপকূলীয় জনগোষ্ঠীর গল্প ও জলবায়ু পরিবর্তনে তাদের ওপর প্রভাব নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে শিল্পকর্ম প্রদর্শনী “শিকড়ের গল্প - Song of Roots”। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গুলশান শাখায় এর পরিবেশনা করছে সমকালীন শিল্পমঞ্চ ‘‘শ্বাসমুল আর্টস’’।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এর উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাদুপুই।
এই প্রদর্শনীতে শ্বাসমুল আর্টসের শিল্পীদের তৈরি প্রচুর আউটডোর ইনস্টলেশন থাকছে। সমসাময়িক শিল্পকর্মের মাধ্যমে তারা সুন্দরবন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের গল্প তুলে ধরেছেন এতে।
ইনস্টলেশনগুলো জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় সম্প্রদায়ের ওপর এর প্রভাবের মতো বিষয়গুলোকে তুলে ধরবে। পাশাপাশি থাকবে কিছু সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় পুতুলের ট্যাপেস্ট্রি এবং ইনস্টলেশন থাকছে এই প্রদর্শনীতে, যা এই সম্প্রদায়ের অনন্য জীবনযাত্রার সংস্কৃতিকে নির্দেশ করে। প্রদর্শনীতে ভিডিও উপস্থাপনা এবং সম্প্রদায়ভিত্তিক শিল্প কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে যা আমাদের সাম্প্রতিক অতীতের কাজগুলোকে উপস্থাপন করে।
পুরো প্রদর্শনীর সমন্বয় করেছেন মনি মাঝি ও বিশ্বজিৎ রায়। “শিকড়ের গান” প্রদর্শনীটি কিউরেট করেছেন খন্দকার নাসির আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজ গুলশানে (বাড়ি ০৮, রোড ৭, গুলশান-১) ২১ থেকে ২৫ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১১টা-রাত ৯টা প্রদর্শনীটি খোলা থাকবে সবার জন্য।