দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিকে সামনে রেখে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের ৮৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ মে) বেলা ১১টায় বিএমডিএ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ-১ এ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।
আখতার জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে যাত্রা শুরু করে। বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে। কৃষির উন্নয়নেও সারাবিশ্বে শেখ হাসিনা রোল মডেল। তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি যেমন ডেল্টা প্ল্যান ২১০০ ঘোষণা করেছেন। তেমন উন্নত দেশের কাতারে শামিল হওয়ার অভিপ্রায়ে ভিশন ২০৪১ কে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন।
সভার সদস্যদের উদ্দেশে তিনি বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সেচ সুবিধা দেওয়ার পাশাপাশি বহুবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বিএমডিএ আজ এ এলাকার ব্যাপক উন্নয়নের অংশীদার, দেশের কৃষিতে সাফল্যের অন্যতম ভাগীদার, সর্বোপরি এটি একটি স্বঅর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। আমাদের মূল গর্বের জায়গা এটি। আমরা যেমন প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যুতের ওপর চাপ কমাতে সোলার পাওয়ার নিয়ে কাজ করছি, তেমনি পানির অপচয় কমিয়ে ভূ-গর্ভস্থ পানির চাপ কমাতে শতভাগ ভূ-গর্ভস্থ পাইপ লাইনের মাধ্যমে সেচ দিতে কাজ করছি। আমরা পদ্মা, মহানন্দা নদী থেকে পাইপের মাধ্যমে উঁচু বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে সচেষ্ট। আমরা পরিবেশ নির্মল রাখতে যেমন বৃক্ষ রোপণ করি, তেমনি উৎপাদন বাড়াতে মানসম্পন্ন বীজ সরবরাহ করে থাকি।
সভায় উপস্থিত ছিলেন যুগ্মসচিব (সংযুক্ত) মো. সাজ্জাদুল হাসান, মৎস্য-১ অধিশাখার যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ অধিশাখা) শাহানারা ইয়াসমিন লিলি, বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শামসুল হোদা, বীর মুক্তিযোদ্ধা মো. ওহিদুর রহমান, মোসা সাকিনা খাতুন (পারুল), কাজী শাহেদ উল হক, প্রকৌশলী. মো আব্দুর রশীদ নির্বাহী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কল্যাণ চৌধুরী, রাজশাহী পুলিশ সুপারের মো. মিজানুর রহমান প্রমুখ।