অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খুলনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি করে বাজারজাত করার অভিযোগে হাশেম ফুড প্রোডাক্টস ও ভূঁইয়া ফুডস প্রোডাক্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নগরীর খালিশপুর শিল্পাঞ্চল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার সাবজোন-১ (খুলনা, সাতক্ষীরা, নড়াইল) অঞ্চলের আওতাধীন বিভিন্ন শিল্প কারখানায় নিম্নমানের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই, শিশু  খাদ্য) তৈরি করে বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের হাশেম ফুড প্রোডাক্টস ও ভূঁইয়া ফুডস প্রোডাক্টসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (সেমাই) তৈরি করে বাজারজাত করার অভিযোগে হাশেম ফুড প্রোডাক্টসের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ২০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড এবং ভূঁইয়া ফুডস প্রোডাক্টসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার কানাই লাল সরকার বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”