বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করেছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অনাড়ম্বরভাবে ২৬ জুলাই (শুক্রবার) সকাল এগারোটায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ কেক কেটে অষ্টম বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন রবীন্দ্র উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে চয়ন ইসলাম বলেন, "আমাদের প্রাণের দাবি ছিল রবীন্দ্রনাথের নামে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সে দাবি পূরণ করেছেন। তিনি সম্প্রতি মহান জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে বলেছেন।"
"তিনি বলেছেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, এর জন্য যা কিছু করার আমি দায়িত্ব নিচ্ছি, আমি করবো। তিনি বর্তমান পরিস্থিতিতে দেশ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকটময় সময়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করায় শিক্ষার্থীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান উপাচার্যের গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।"
প্রতিষ্ঠা দিবসে চয়ন ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম বলেন, "আমরা এই ক্রান্তিলগ্নে বিশ্ববিদ্যালয় দিবস বৃহৎ পরিসরে ও বর্ণাঢ্য আয়োজনে করতে পারলাম না, এই দুঃখবোধ সাথে নিয়েই আমরা আশা করি অল্পকিছুদিন পরেই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দমুখর পরিবেশে বর্ণিল আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করবো।"
সম্প্রতি দেশব্যাপী ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার উল্লেখ করে তিনি বলেন, "ছাত্র-আন্দোলনের সুযোগ নিয়ে দেশবিরোধী একটি স্বার্থান্বেষী মহল সহিংসতা সৃষ্টি করে দেশের জন্য গর্বের অনেক স্থাপনা, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে। যেসকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের জন্য সমবেদনা জানাই এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে যে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে,উন্নয়নকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, আমরা বিশ্বাস করি ছাত্রসমাজ এর বিরুদ্ধে দাঁড়াবে।"
তিনি আশাবাদ ব্যক্ত করেন, অচিরেই বিশ্ববিদ্যালয়গুলো নিজের ছন্দ ফিরে পাবে।