অন-অ্যারাইভাল ভিসায় ৩৫ দেশে যেতে পারবে বাংলাদেশিরা

অন-অ্যারাইভাল ভিসায় ৩৫ দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা। 

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক নাগরিকত্ব-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সর্বশেষ পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা বিশ্বের ১৯২ দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তালিকার একেবারে শেষে আফগানিস্তান। দেশটির নাগরিকরা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পান ২২টি দেশে।

এদিকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নীত হয়ে ৯৭তম হলেও ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া দেশের সংখ্যা কমেছে।

২০২৪ সালের শুরুতে বাংলাদেশের নাগরিকেরা ৪২ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারতেন। ২০২৫ সালের শুরুতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৩৯টিতে এবং ২০২৬ সালের শুরুতে তা নামে ৩৭টিতে। সর্বশেষ হালনাগাদে আরও দুটি দেশ এই সুবিধা প্রত্যাহার করায় সংখ্যাটি বর্তমানে ৩৫-এ নেমে এসেছে। মাত্র আড়াই বছরের ব্যবধানে বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল গন্তব্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বৈশ্বিক চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সীমাবদ্ধতা আরও বাড়লো।

কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় কয়টি দেশে ভ্রমণ করা যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট সূচক তৈরি করা হয়। এক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।