মেটায় ফেলোশিপ, ২ বছর পূর্ণ অর্থায়নসহ পাবেন যেসব সুবিধা

বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। দুই বছরের এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন ও গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থী এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন মূল্যায়নে গবেষণা প্রস্তাবের মান, সম্ভাব্য প্রভাব ও সুপারিশপত্রকে গুরুত্ব দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না দিলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

ফেলোশিপে যা থাকছে

নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন - 

  • দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি
  • বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
  • জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ
  • মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ
  • মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ
  • মেটা জানিয়েছে, ফেলোশিপের আওতায় দুই বছরের জন্য টিউশন, স্টাইপেন্ড ও গবেষণাসংক্রান্ত সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।
  • যেকোনো জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
  • এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে।
  • ফেসবুক থেকে ইতিমধ্যে অন্য কোনো অনুদান পেলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না।

গুরুত্বপূর্ণ সময়সূচি

আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬ 

আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬ 

সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬ 

আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬ 

ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭ 

বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭- এর মধ্যে

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্র নির্বাচন করতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।

আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।