মাল্টায় মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গ্রেপ্তার অবস্থায় তাকে দেশটির আদালতে হাজির করা হয়। মানবপাচার, অর্থপাচার, প্রতারণা, জবরদস্তি, নথিসংক্রান্ত অপরাধ এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

মাল্টা টুডে নামে দেশটির একটি সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত ওই বাংলাদেশির নাম নাজমুল ইশতিয়াক (৪১)। তিনি মাল্টার মেলিয়েহায় থাকেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে দেশটির সরকার।

ভুক্তভোগীদের ভাষ্য, রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের বাংলাদেশ থেকে মাল্টায় নিয়ে যান ইশতিয়াক। তবে চার মাসেরও বেশি সময় কাজ করার পরও তারা কোনো বেতন পাননি। এমনকি রেস্টুরেন্টটি দীর্ঘ সময় বন্ধ থাকতো বলেও দাবি তাদের।  

চলমান মামলাটির তদন্ত কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ইশতিয়াকের বিরুদ্ধে মোট পাঁচজন ভুক্তভোগীর বিরুদ্ধে প্রতারণা ও শোষণের অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাকে রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করলেও এতে তীব্র আপত্তি জানায় প্রসিকিউশন।তারা মানবপাচারের অভিযোগের গুরুতরতার কথা উল্লেখ করে বলে, ভুক্তভোগীরা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং তাদের সাক্ষ্য এখনো নেওয়া হয়নি।