মানুষের চেয়েও দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যে প্রাণী

পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের অন্যতম বৈশিষ্ট্য। তবে মানুষ ছাড়াও প্রাণিজগতে এমন কিছু প্রাণী রয়েছে, যারা মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া জানাতে পারে। কাকও তেমনই এক পাখি। নতুন এক গবেষণায় দেখা গেছে, দৃশ্যগত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষ ও বানরের চেয়ে প্রায় দ্বিগুণ দ্রুত কাক।

গবেষণায় দুটি ক্যারিয়ন কাককে চলমান বিন্দুর গতিপথ শনাক্ত করে সিদ্ধান্ত জানাতে বলা হয়। এতে তাদের সময় লাগে গড়ে মাত্র ২৩৫ মিলিসেকেন্ড। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নির্ভুলতার দিক থেকেও ভালো ফল করেছে পাখি দুটি। সংকেত স্পষ্ট থাকলে তাদের সঠিক উত্তরের হার প্রায় ১০০ শতাংশে পৌঁছায়।

জার্মানির ইউনিভার্সিটি অব টিউবিঙ্গেনের ইনস্টিটিউট অব নিউরোবায়োলজির গবেষক ফিলিপ শ্মিডবাউয়ার ও অধ্যাপক আন্দ্রেয়াস নিডার এই পরীক্ষা চালান। গবেষণার ফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ। বিশ্ববিদ্যালয়টির গবেষকদের মতে, কাকের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পেছনে তাদের মস্তিষ্কের স্নায়ুকোষের বিশেষ কার্যকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাক এত দ্রুত সিদ্ধান্ত নেয় কীভাবে, তা জানতে তাদের মস্তিষ্কের ২৪৮টি নিউরনের কার্যক্রম পরীক্ষা করেন গবেষকরা। বিশেষ করে তারা নজর দেন মস্তিষ্কের নিডোপ্যালিয়াম কডোল্যাটেরাল (এনসিএল) নামের একটি অংশে। মানুষের ও অন্যান্য প্রাইমেটের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স যেভাবে কাজ করে, এনসিএলের কাজের সঙ্গে তার মিল রয়েছে।

পাখির মস্তিষ্কের গঠন স্তন্যপায়ী প্রাণীদের মতো নয়। স্তন্যপায়ীদের মস্তিষ্কে যে স্তরযুক্ত সেরিব্রাল কর্টেক্স রয়েছে, পাখিদের তা নেই। তবে এনসিএল মস্তিষ্কের এই অংশের মতোই জটিল কাজ করতে পারে।

প্রাইমেটদের ক্ষেত্রে দেখা যায়, মস্তিষ্কের নিউরনগুলো চোখ, কানসহ বিভিন্ন ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য জমা করতে থাকে। এই কার্যক্রম একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে মস্তিষ্ক সিদ্ধান্ত নেয়। গবেষকদের ধারণা, কাকের মস্তিষ্কেও একই ধরনের প্রক্রিয়া কাজ করে।

গবেষক আন্দ্রেয়াস নিডার বলেন, “এই গবেষণার বড় তাৎপর্য হলো, জটিল হিসাব-নিকাশ করতে স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্কের নিওকর্টেক্স থাকা জরুরি নয়।”

নিডার জানান, পর্দায় বিন্দুগুলো দেখতে পাওয়ার মাত্র ৭০ মিলিসেকেন্ডের মধ্যেই কাকের মস্তিষ্কের কার্যক্রম দেখে তারা কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা অনুমান করা গেছে। অথচ কাক পর্দায় ঠোকর দিয়ে উত্তর দেওয়ার আরও প্রায় ১৭০ মিলিসেকেন্ড বাকি ছিল তখন।

কাকের এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার পেছনে তাদের জীবনযাপনের ধরনও ভূমিকা রাখতে পারে। নিডারের মতে, উড়তে গিয়ে পাখিদের চারপাশের পরিবেশ দ্রুত বুঝতে হয়। একইসঙ্গে বাধা এড়িয়ে চলা, চলমান বস্তুর গতিবিধি বোঝা এবং শরীরের নড়াচড়ার সঙ্গে চোখে দেখা তথ্যের সমন্বয় করতে হয়। খাবার খুঁজে বের করা ও শিকার ধরার সময়ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। এসব প্রয়োজনের কারণেই পাখিদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে থাকতে পারে।

তবে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাক মানুষ ও বানরের চেয়ে দ্রুত কেন, তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। গবেষণায় মাত্র দুটি কাক অংশ নিয়েছে। এ ছাড়া মানুষ ও বানরের সঙ্গে একই পরীক্ষায় সরাসরি তুলনা করা হয়নি। তাই এ বিষয়ে নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন।

কাকের এই সক্ষমতা বুদ্ধিমত্তা সম্পর্কে প্রচলিত ধারণাকেও নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। নিডারের মতে, বুদ্ধিমত্তা বোঝার ক্ষেত্রে শুধু স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ককে গুরুত্ব দিলে চলবে না। বিভিন্ন প্রজাতির প্রাণী নিয়ে গবেষণা করলে বোঝা যাবে, তাদের মস্তিষ্কের কার্যক্রমে কী কী মিল রয়েছে এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে গিয়ে কোথায় তাদের মধ্যে ভিন্নতা তৈরি হয়েছে।